গ্রিস থেকে ১৮ জন বাংলাদেশিকে আউট পাস দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। এসব বাংলাদেশিরা দালাল চক্রের প্রলোভনে পড়ে লাখ লাখ টাকা খুইয়ে নানা প্রতিকূলতা আর হয়রানির শিকার হয়ে আইওএম এবং বাংলাদেশি দূতাবাসের সহযোগিতায় অবশেষে দেশে ফিরতে সক্ষম হয়েছেন। গতকাল সকালে ইকে-৫/৮২ বিমানে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কর্তব্যরত সিনিয়র এএসপি কাজী মো: সোয়েব এ সম্পর্কে বলেন,“১৮ জন বাংলাদেশি যুবক গ্রিসের রাজধানী এথেন্স থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর সহায়তায় এবং বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে গতকাল দেশে ফেরত এসেছেন। তারা বৈধ পাসপোর্ট নিয়ে বিদেশে বিভিন্ন সময় চাকরি করতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে অধিক রোজগারের আশায় অবৈধ পন্থায় গ্রিসে ঢুকে পড়লে সেদেশের কর্তৃপক্ষ তাদের আউটপাস দিয়ে দেশে ফেরত পাঠায়।”
কাজী মো: সোয়েব আরো বলেন, বাংলাদেশি ১৮জন যুবক বৈধ পাসপোর্ট নিয়ে বেশ কিছুদিন আগে বাংলাদেশ থেকে কাজ করতে দুবাই, পাকিস্তান ও ইরান যায়। পরবর্তীতে সেখান থেকে এসব যুবক উন্নত জীবন জীবিকার জন্য একশ্রেণির দালালের মাধ্যমে বেশি টাকা উপার্জনের আশায় অবৈধ পথে গ্রিসে পৌঁছায়।এরপর জনপ্রতি এসব বাংলাদেশি যুবকদের কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা করে কৌশলে হাতিয়ে নিয়ে সরে পড়ে দালাল চক্রের সদস্যরা। এদের মধ্যে অনেকেই দেশে ফেরত আসার জন্য বাংলাদেশে তাদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের কাছে মোটা অংকের টাকাও দাবি করে।
