ওয়েম্বলির ‘মহারণ’ আজ

জার্মানদের ইউরোপ জয়ের দিন

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:৩৮
সর্বশেষ ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পাঁচটিতেই পরাস্ত হয়েছিল বায়ার্ন মিউনিখ। তারপরও আজ শনিবার ইংল্যান্ডের ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার সময় নিজেদের তাতাতে সমস্যা হবে না জার্মান চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত যেই জিতুক জার্মান ফুটবলের জন্য শনিবারটি হবে খুবই বড় মাপের একটি দিন। এমনকি তাদের ইউরোপীয় পুনর্জাগরণেরও। ইউরোপীয় ফুটবলে এ মৌসুমটিই যেন জার্মানদের। নইলে দুটি জার্মান দল কিভাবে মহাদেশীয় অন্যান্য জায়ান্টদের টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে আসে। এর মধ্যে আবার ফ্রান্সের লিয়কে টানা তৃতীয় শিরোপা থেকে বঞ্চিত করে গত বৃহস্পতিবার চেলসির মাঠে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগটিও জিতে নিয়েছে জার্মানির উলভসবার্গ। জার্মানির দুটি ক্লাব এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে যোগ দিলেও মহাদেশীয় ফুটবলে ব্যাপারটি নতুন নয়। এ নিয়ে চতুর্থবারের মতো একই লিগের দুটি দল পরস্পরের মোকাবেলা করছে। বায়ার্ন অবশ্য আজকের ফাইনালে শক্তিমত্তার পাশাপাশি অভিজ্ঞতার বিচারেও আরেক জার্মান বরুশিয়ার চাইতে এগিয়ে। কেননা ব্যাভারিয়ান দলটি নয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে জিতেছে চারবার। এমনকি গেল মৌসুমের ফাইনালেই চেলসির কাছে পেনাল্টি শুটআউটে কপাল পুড়েছিল তাদের। অপরদিকে বরুশিয়া একবারই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তাও ১৯৯৭ সালে। সেবার তাদের বিপক্ষ ছিল জুভেন্তাস। এরপরও বায়ার্ন গেল বছর নিজের মাঠে চেলসির কাছে বেদনা বিহব্বল হারটির ক্ষত ভুলতে শিরোপা তুলে নিতে চাইবে। সে লক্ষ্যেই দলটি ইতোমধ্যে বরুশিয়া ডর্টমুন্ডের কাছ থেকে বুন্দেশলিগার শিরোপা পুনরুদ্ধার করেছে। মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে দ্রুততম সময়ে লিগ জয়ের রেকর্ড গড়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়ার চাইতে ২৫ পয়েন্টে এগিয়ে থেকে ২৩তম বুন্দেশলিগা শিরোপা তুলে নেয় দলটি। এবার জার্মান জায়ান্টরা সবচেয়ে কম গোল (১৮) হজম করেছে এবং এক মৌসুমে সবচেয়ে বেশি (২১) খেলায় নিজেদের পোস্টে বল ঢুকতে দেয়নি। এছাড়াও টানা ৩৬ খেলায় অপরাজিত থাকার পুরনো একটি রেকর্ডেরও সমকক্ষতা অর্জন করে ফিলিপ লামের দল। বায়ার্ন কর্মকর্তারা মনে করেন সাম্প্রতিক সময়ে এ দলটিই সেরা। যদিও সাফল্য বলতে কেবল ২০০১ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়। সে তুলনায় সত্তরের দশকের ফ্রানত্স বেকেনবাওয়ার, জার্ড মুলার, সেপ ম্যারিয়ের ও উলি হোয়েনেসের (বর্তমানে ক্লাব সভাপতি) সময় টানা তিনবার ইউরোপীয়ান কাপ জয়ের কৃতিত্ব দেখিয়েছিল। তারপরও চলতি মৌসুমে তাদের শক্তিমত্তা বোঝা যায় যখন বার্সেলোনা দুই লেগ মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্নের কাছে ৭-০ গোলে নাস্তানাবুদ হয়। প্রতিযোগিতার ইতিহাসে এটিই হলো শেষ চারে সবচাইতে বড় ব্যবধানের জয়। এমনকি কোয়ার্টার ফাইনালে ইটালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে পাওয়া ৪-০ গোলের জয়টিও ইউরোপের ইতিহাসে ইটালির কোন ক্লাবের বিরুদ্ধে বড় জয়ের ঘটনা। আরো একটি কারণে বায়ার্ন খেলোয়াড়টি আজ রাতে জয়টি পেতে চাইবেন। সেটি হলো প্রায় ৪০ বছরের উপর ফুটবলে থাকা ৬৮ বছর বয়সী বায়ার্ন কোচ জুপ হেইঙ্কসকে সম্মান জানানো। চলতি মৌসুম শেষে বায়ার্ন ও বুন্দেশলিগা ছাড়তে যাওয়া এই কোচই মূলত বড় আকারের এ দলটিকে ভালভাবে সামলেছেন এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা বের করে নিয়ে এসেছেন। সব মিলিয়েই এ মৌসুমে বায়ার্ন অনন্য এক উচ্চতায় উঠে এসেছে। এখন হেইঙ্কসের খেলোয়াড়রাও তাকে সাফল্য উপহার দিতে একাট্টা। মজার ব্যাপার হলো চুক্তিগত বাধ্যবাধকতায় ফুটবলার মারিও গোটজের বরুশিয়া থেকে বায়ার্নে আসন্ন পাড়ি জমানোর ঘটনায় জার্মানিতে এ মুহূর্তে অধিকাংশ ফুটবলামোদীই ক্ষ্যাপা ধনাঢ্য ব্যাভারিয়ান ক্লাবটির উপর। তারওপর দুই ক্লাবের মধ্যকার মুখোমুখি লড়াইয়ে ইতিহাস বরুশিয়ার পক্ষে। কারণ ২০১০ সালের পর বরুশিয়ার বিরুদ্ধে আটবারের মোকাবেলায় বায়ার্ন জিতেছে কেবল একবার। ২০১১ ও ২০১২ সালের বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড এক পর্যায়ে টানা পাঁচ খেলায় হারিয়েছিল জার্মানির সেরা ক্লাবটিকে। গত বছর জার্মান কাপে কোচ জার্গেন ক্লপের দলের কাছে বায়ার্ন তাদের ক্লাব ইতিহাসে সবচেয়ে বাজে ৫-২ গোলের হারে বাধ্য হয়। তবে এ বছর বরুশিয়ার বিরুদ্ধে বায়ার্নের অবস্থান আগের চাইতে ভাল হয়েছে। এখন দেখার বিষয় গত তিন বছর ধরে পাল্টা আক্রমণে দুর্দান্ত খেলার ঐতিহ্য তৈরি করা ৪৫ বছর বয়সী ক্লপের দল বায়ার্নের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায়, না জার্মান চ্যাম্পিয়নদের ধারে ও ভারে নাকাল হয় বরুশিয়া।