হেইঙ্কসের অভিজ্ঞতা ক্লপের উদ্দীপনা

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:৩৯
দুইটি জার্মান দল—বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মাঠে নামবে। প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেখা যাবে অল জার্মান ফাইনাল। আর একই দেশের দুইটি ক্লাব হলেও অমিলও আছে অনেক। সেটা শুধু ফুটবলীয় সংস্কৃতিতেই নয়, খেলাটিতে ছায়া ফেলবে দুইটি ভিন্ন কোচিং পদ্ধতিও। বায়ার্নের ৬৮ বছর বয়স্ক কোচ ইয়াপ হেইঙ্কস ক্যারিয়ারের শেষ বেলায় এসে পৌঁছেছেন। হেইঙ্কসযুগের সমাপ্তির আগে কিছু অর্জন হাতছানি দিচ্ছে। ক্যারিয়ারের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার পথে তিনি সেইসাথে ট্রেবল জয়েরও সম্ভাবনা তৈরি হয়েছে বায়ার্নের। জার্মান কোন ক্লাব ট্রেবল জয়ের কৃতিত্ব গড়তে পারেনি। বাভারিয়ান দলটির সামনে এখন সেই সম্ভাবনা। ধরে নেয়া হচ্ছে এটিই হেইঙ্কসের শেষ পেশাদার মৌসুম। কারণ আগামী জুলাই থেকে বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা বায়ার্নের দায়িত্ব নিতে যাচ্ছেন। হেইঙ্কসের দলটি বুন্দেসলিগা শিরোপা জয় করেছে বেশ দাপটের সাথে, আর রেকর্ডজয়ী বাভারিয়ানদের সামনে এখন জার্মান কাপ ও এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। গতবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন নিজ মাঠ অ্যালিয়েঞ্জ এরেনায় চেলসির কাছে পেনাল্টি গোলে হেরে যায়। সেই বাজে রাতটির কথা এখনো ভুলে যায়নি তারা। এবার সেই ক্ষত মোচনের মিশনে এগিয়েও রয়েছে তারা। পুরো মৌসুমজুড়েই বায়ার্ন দারুণ আধিপত্য দেখিয়ে চলেছে। হেইঙ্কস যখন উত্তেজিত হয়ে পড়েন লাল হয়ে উঠে তার মুখায়ব। এজন্য সমর্থকদের কাছে হেইঙ্কস অসরাম হিসেবে পরিচিতি পেয়েছেন ভালোভাবেই। জার্মানির বিখ্যাত বাতি প্রস্তুতকারক অসরাম। এছাড়া আবেগ খুব একটা দেখান না তিনি। অন্যদিকে বরুশিয়া ডর্টমুন্ডের ৪৫ বছর বয়সী কোচ জার্গেন ক্লপ অনেকটাই আলাদা। সাইডলাইনে তার আগ্নেয়গিরির মতো ফুঁসতে থাকার দৃশ্যটা হরহামেশাই দেখেছেন সবাই। আচরণের সাথে খেলানোর ধরনটাও অনেকটা একইরকম ক্লপের। সুন্দর চুলের অধিকারী ক্লপ মেইঞ্জে খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। হেইঙ্কস যখন বিশ্বের ফুটবল জগতে পরিচিত নাম ঐ সময়ে ক্লপ নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। ডর্টমুন্ড ২০০৫ সালে দেউলিয়া হয়ে গিয়েছিল। আর্থিক সমস্যা ছিলই ক্লাবটিতে। আর এই ক্লাবে যোগ দেন ক্লপ ২০০৮ সালে। আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞতা একটু কম ছিল তার। তবে সেটি তিনি কাটিয়ে উঠেন উদ্দীপনা এবং খেলায় নতুন কৌশল প্রয়োগ করে। ফলাফল হিসেবে ডর্টমুন্ড এই আক্রমণাত্মক ফুটবল খেলে টানা দুইবার ২০১১ ও ২০১২ সালের বুন্দেসলিগা শিরোপা জয় করে নেয়। হেইঙ্কস জার্মানির (পশ্চিম জার্মানি) ১৯৭০ সালের অদম্য দলটির গর্বিত সদস্য। তার ফুটবল দর্শনে রয়েছে শৃঙ্খলা, কঠিন পরিশ্রম এবং শ্রেষ্ঠত্বের জন্য অবিরাম সংগ্রাম। বিশ্বমানের এই স্ট্রাইকার দলের হয়ে ১৯৭২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুই বছর পরের বিশ্বকাপ জয় করেন। সেই দলে ছিলেন বর্তমান বায়ার্ন প্রেসিডেন্ট উলি হোয়নেস। নিজ শহরের ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখের হয়ে তার কোচিং ক্যারিয়ার শুরু হয় যে ক্লাবে সে খেলোয়াড় হিসেবে অনেক কিছু অর্জন করেছিলেন। হেইঙ্কস ১৯৮৭ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন কোচ হিসেবে এবং তার অধীনে প্রথম দফায় টানা দুইবার লিগ শিরোপা জয় করে বায়ার্ন। বায়ার্ন ছাড়ার পর স্পেনে এক দশকের মতো স্পেনে ছিলেন। ১৯৯৮ সালে রিয়াল মাদ্রিদ হেইঙ্কসের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে। ২০০৯ সালে অল্প দিনের জন্য বায়ার্নে ছিলেন হেইঙ্কস। এই নিয়ে তৃতীয় দফায় বায়ার্নের দায়িত্ব পালন করছেন হেইঙ্কস। বড় মাপের খেলোয়াড়দের তিনি সেভাবেই নিয়ন্ত্রণ করেন। কিছু ভালো খেলোয়াড় দলে এনে দারুণ জয়যাত্রা শুরু করতে সাহায্য করেন দলকে। ডর্টমুন্ডের সাথে ফাইনালে লড়াইয়ের আগে হেইঙ্কস বলেন, ‘ডর্টমুন্ডকে আমি সমীহ করি। তাদের অর্জনও রয়েছে। কিন্তু এই মৌসুমে আমরা তাদের জার্মান কাপ এবং সুপার কাপে হারিয়েছি। এছাড়া লিগে দুইটি ড্র হয়েছে। এই ফলাফলই ইঙ্গিত দেয়।’ যদিও ডর্টমুন্ডের রক্ষণভাগে সমস্যা হতে পারে। কারণ ম্যাটস হিউমেলস এবং সেন্ট্রাল ডিফেন্ডার নেভেন সুবোটিক শঙ্কায় রয়েছেন। কিন্তু পাল্টা আক্রমণে ডর্টমুন্ড ভয়ঙ্কর হয়ে উঠেছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তারা সেটা করে দেখিয়েছে মালাগার সাথে। নয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে ৪-৩ ব্যবধানে হারিয়ে ডর্টমুন্ড নিজেদের শক্তিমত্তা ভালোভাবেই প্রমাণ করে। ফাইনালে প্রথমে ডর্টমুন্ডের মারিও গোয়েটশের খেলতে না পারার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি জানিয়েছে গোয়েটশে সুস্থ আছেন।। তারপরও রবার্ট লেভানডস্কি, মার্কো রিউস এবং কেভিন গ্রোসক্রেটশকে সাথে নিয়েই সাফল্যের আশায় ঝাঁপিয়ে পড়বেন ক্লপ। ২০১২ সালের জার্মান কাপ জয় করেছিলেন ক্লপ। এবার চলতি মৌসুমে লিগ শিরোপাটি জয় করতে পারেনি ডর্টমুন্ড। জার্মান কাপের ফাইনালেও যেতে পারেনি তারা। বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জয় হতে পারে বড় সাফল্য। ক্লপের জন্য হবে সেটা বড় পাওয়া, আর হেইঙ্কসের জন্য হবে মধুর সমাপ্তি। ওয়েম্বলি অপেক্ষা করছে ভিন্নধারার এই দুই চরিত্রের।