শ্বাসরুদ্ধকর প্রীতি ম্যাচে সিটির জয়

আপডেট : ২৪ মে ২০১৩, ২১:৩৯
প্রিমিয়ার লিগ হারানোর পর প্রীতি ম্যাচ দিয়ে বেশ দাপটের সাথেই ফিরে আসলো ম্যানচেস্টার সিটি। তিন গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লু মুনরা। যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুরু থেকেই আক্রমণে ম্যানচেস্টার সিটিকে কোণঠাসা করে ফেলে ইউরোপা লিগের চ্যাম্পিয়নরা। আর ভাল ফুটবলের ফল হিসেবে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় চেলসি। ১৪ মিনিটে চেলসিকে প্রথম এগিয়ে দেন স্ট্রাইকার ডেম্বা বা। এরপর গোলের ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিল চেলসি। কিন্তু স্ট্রাইকারদের ভুলে তা আর সম্ভব হয়নি। তবে প্রথমার্ধের শেষ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন উইঙ্গার সিজার আজপিলিকুয়েতা। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে চেলসি। দ্বিতীয়ার্ধেও প্রথম গোল করে চেলসি। ৫২ মিনিটে মিডফিল্ডার অস্কার দ্যস স্যান্তোসের দেয়া গোলে ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। ফলে ম্যাচ জয়টা অনেকাংশেই নিশ্চিত হয়ে যায় তাদের। কিন্তু তখনও যে নাটকের মূল অংশটাই বাকি! সেই নাটকের বাকি অংশটি মাঠেই করে দেখালো ম্যান সিটি। ৬২ মিনিট থেকে ম্যাচের শেষ পর্যন্ত চার গোল আদায় করে নিয়ে নাটকীয়ভাবে মাঠ ছাড়ে তারা। ৬২ মিনিটে মিডফিল্ডার জাভি গার্সিয়া প্রথম গোল করে ব্যবধান কমান। এরপর ৬৪ ও ৮৫ মিনিটে দু’টি গোল করে গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী দলটিকে ম্যাচে ফেরান স্ট্রাইকার ইডেন জেকো। এসময় ম্যাচে ৩-৩ গোলে সমতা চলছিল। আর ম্যাচের শেষ মিনিটে গোল করে ম্যান সিটিকে স্মরণীয় জয় এনে দেন রিচার্ড। ফলে ৪-৩ গোলে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে ম্যান সিটি। আজ শনিবার ইয়াঙ্কি স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে আবারো মুখোমুখি হবে দু’দল।