অন্যান্য দেশের অবস্থা যেমনই হোক, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা কখনোই সাংবাদিকদের কাছে নিজেদের ‘দূর আকাশের তারা’ বানিয়ে রাখেন না। ফোনে তাদের খুঁজে পাওয়াটাও খুব কঠিন কিছু হয় না। কিন্তু গতকাল একদিনের জন্য হলেও দৃশ্যটা যেন পুরো পাল্টে গেল। জাতীয় দলের তো বটেই; জাতীয় দলের বাইরেরও বেশিরভাগ ক্রিকেটারের ফোন হয় বন্ধ, নতুবা উত্তর মেলে না!
অনুমান করা কঠিন কিছু না যে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন করে জমে ওঠা ফিক্সিং বিতর্কে নিরাপদ অবস্থানে থাকতেই বেশিরভাগ ক্রিকেটারের এই ভূমিকা। এই বেড়াজাল টপকে যে দুই-একজন ক্রিকেটারকে পাওয়া গেল তারা নাম প্রকাশ না করার শর্তে পরিষ্কার বলেই দিলেন এই বাস্তবতাটা, ‘ব্যাপারটা এতো স্পর্শকাতর যে, আমরা এ নিয়ে কথা বলে কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছি না। বুঝতেও পারছি না, কী হচ্ছে। তাই চুপ থাকাই সবচেয়ে ভালো।’
কিন্তু চাইলেও চুপ থাকতে পারছেন না মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের এই সাবেক অধিনায়কই এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে। যে দুটি ম্যাচ নিয়ে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু) তদন্ত করছে, দুটিতেই ঢাকা গ্লাডিয়েটর্সের ‘ভারপ্রাপ্ত’ অধিনায়ক ছিলেন আশরাফুল; বলা হচ্ছে আশরাফুলই এই দুটি ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটিয়েছেন। সেই সঙ্গে আশরাফুল আকসুর জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন এবং ঢাকার মালিকপক্ষ এই ঘটনায় জড়িত বলে জানিয়েও দিয়েছেন বলে খবরে প্রকাশ!
এই কথা পরিষ্কার করে স্বীকার বা অস্বীকার কিছুই করলেন না আশরাফুল। শুধু বললেন, ‘আকসুর সঙ্গে আমার কী কথোপকথন হয়েছে, সেটা অন্য কারো জানার সুযোগ নেই। এ ব্যাপারে আমি মন্তব্যও করতে পারবো না।’ তবে আশরাফুল এটুকু স্বীকৃতি দিলেন যে, তাকে জেরা করা হয়েছে। এ ব্যাপারে অত্যন্ত কূটনৈতিকভাবে উত্তর দিলেন আশরাফুল, ‘তারা (আকসু) ঢাকায় এসেছে। তদন্তের স্বার্থে আমাকে ডেকেছে। আমার কাছে যা জানতে চেয়েছে, আমি বলেছি। কিন্তু কী কথা বলেছি, কী প্রশ্ন হয়েছে; তা আমি বলতে পারবো না।’
আশরাফুলের এই শক্ত অবস্থানের পরও ভেতরের খবর বলছে, তিনি আসলে মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় আছেন। আশরাফুলের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, সংবাদপত্রে তাকে জড়িয়ে এই খবর প্রকাশের পর থেকে একটার পর একটা ফোন পেয়ে এবং নানামুখী কৌতূহলের মুখে বিপর্যস্থ হয়ে পড়েছেন তিনি। এই প্রশ্নটা করলে অবশ্য আশরাফুল ম্লান হাসলেন, ‘না। এতে আর বিপর্যস্থ হওয়ার কী আছে? এরকম খবর প্রকাশ হলে সবাই জানতে চাইবে, এই তো স্বাভাবিক।’
আশরাফুল যাই বলুন; পরিস্থিতিটা স্বাভাবিক নয়। এই অস্বাভাবিক পরিস্থিতিতে আরো অনেক ক্রিকেটারকে পড়তে হয়েছে। জড়িত সন্দেহে না হলেও সাক্ষী হিসেবে আকসুর জেরায় ডাকা হয়েছিল ঢাকা গ্লাডিয়েটর্সের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফিকে সংশ্লিষ্ট ওই দুই ম্যাচে অস্বাভাবিকভাবে বিশ্রামে পাঠিয়েছিল ম্যানেজমেন্ট। কিন্তু এই তারকা পেসারের সঙ্গে আকসুর কী কথোপকথন হয়েছে তাও জানা যায়নি; ফোনে পাওয়া যায়নি তাকে।
একই কথা সত্যি সাকিব আল হাসান ও মাহবুবুল আলম রবিনের ক্ষেত্রে। সাকিবও ছিলেন ‘সাক্ষী’। বলা হচ্ছে সন্দেহের তালিকায় থাকা দ্বিতীয় ম্যাচটিতে সাকিবকে ‘ইচ্ছে করে’ আশরাফুল রানআউট করেছিলেন। এরপর সাকিব নাকি ড্রেসিংরুমে প্রতিক্রিয়াও দেখিয়েছেন। কিন্তু সাকিবও কাল রইলেন ফোনের বাইরে।
আর জাতীয় দলেরই সাবেক পেসার রবিনের দিকে সন্দেহের আঙ্গুলই উঠেছে। রবিনের একটি ‘নো বল’ সন্দেহ জনক বলে নাকি মনে করছে আকসু। সে ব্যাপারেও রবিনের বক্তব্য পাওয়া যায়নি।
