লক্ষ্মীপুরের রামগতিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ২ লাখ চিংড়ি মাছের পোনা জব্দ করেছে মত্স্য বিভাগ ও কোস্টগার্ড। এসময় চিংড়ি পোনা ধরার ৩৫টি অবৈধ মশারিজাল, ৬টি এলোমিনিয়ামের পাতিল ও ৫টি বালতি আটক করা হয়। উপজেলার মেঘনা নদীর তীরবর্তী আসলপাড়া লঞ্চঘাট থেকে জারিরদোনা এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ পোনা জব্দ করা হয়। অভিযানে সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা জসিম উদ্দিনসহ মত্স্য বিভাগের কর্মকর্তা, রামগতি কন্টিজেন্টস কমান্ডার সহিদুল হকসহ কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।
সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেঘনা নদীর তীরবর্তী আসলপাড়া লঞ্চঘাট থেকে জারিরদোনা এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে ৬টি এলোমিনিয়ামের পাতিল ও ৫টি বড় বালতিতে রক্ষিত প্রায় ৪ লাখ টাকা মূল্যের আনুমানিক ২ লাখ গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়। একই সময় প্রায় ৭০ হাজার টাকা মূল্যের চিংড়ি পোনা ধরার ৩৫টি অবৈধ মশারিজাল আটক করা হয়। খবর পেয়ে পোনা আহরণকারীরা পালিয়ে যায়। পরে চিংড়ির পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয় এবং আটক জালগুলো পুড়িয়ে ফেলা হয় ।
