সর্বকালের সেরা মহিলা টেনিসে খেলোয়াড়দের ছোট তালিকাতেও থাকবে তার নাম। নামের পাশে শোভা পাচ্ছে ১৫ টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা। অথচ টুর্নামেন্টটি যখন ফ্রেঞ্চ ওপেন তখনই কেমন যেন অচেনা মনে হয় সেরেনা উইলিয়ামসকে। কারণ ১৫ টি গ্র্যান্ডস্ল্যামের মাত্র একটিই জিততে পেরেছেন এখানে। আর সেটিও জিতেছেন প্রায় এক যুগ আগে। এ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা তাই স্বভাবতই চাইবেন রোলা গারোতে তার দীর্ঘ শিরোপা খরার অবসান ঘটাতে।
২০০২ সালে মাত্র ২০ বছর বয়সে রোলা গারোতে শিরোপা জিতেই টেনিসের শীর্ষ অঙ্গনে নিজের নামটা সগৌরবে ঘোষণা করেন এই আমেরিকান। সে বছর জেতেন আরো দুটি শিরোপা। বলা যায়, এই রোলা গারো থেকেই সেরেনার ‘আজকের সেরেনা’ হয়ে ওঠা। তবে বিষ্ময়করভাবে সেই ২০০২ সালের পর আর একবারও ফ্রেঞ্চ ওপেন জেতা হয়নি তার। আর এই সময়ে তিনি অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বল্ডন জিতেছেন পাঁচবার করে, ইউএস ওপেন জিতেছেন তিনবার। তাই প্যারিসের লাল কোর্টে বহুদিনের সেই শিরোপা বন্ধ্যাত্ব ঘোচাতে সেরেনা এবার তাই বদ্ধপরিকর। আগামী সেপ্টেম্বরে ৩২ এ পা দিতে যাওয়া এই তারকাকে আশা যোগাচ্ছে তার সামপ্রতিক পারফরম্যান্সও। এ মৌসুমে ৩৬টি ম্যাচে জয়ের বিপরীতে হেরেছেন মাত্র দুটিতে। আর সর্বশেষ ২৪ টি ম্যাচে তাকে হারাতে পারেনি কেউই। এই ২৪ টি ম্যাচে মাত্র চারটি সেটে তাকে হারাতে পেরেছেন প্রতিপক্ষরা। আর এই ফর্মটাকে সেরেনা টেনে নিতে চান প্যারিসেও। র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকাটি বলেন, ‘গেল বছর দারুণ অবস্থায় ছিলাম আমি। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জিততে পারিনি। এ বছরও দারুণ ফর্মে রয়েছি। তবে এবার আমি বেশ সর্তক। আমি প্রত্যেক ম্যাচেই ভালো খেলতে চাই এবং জিততে চাই। ফ্রেঞ্চ ওপেনে আমার রেকর্ড মোটেও ভালো নয়। তবে এবার অতীত ইতিহাস মুছে ফেলতে বদ্ধ পরিকর আমি।’ এই শিরোপাটা মাত্র একবার জিতেছেন বলেই হয়তো টুর্নামেন্টের হট ফেভারিট হয়েও বিশেষ কোন চাপ অনুভব করছেন না সেরেনা। উইলিয়ামস বোনদের ছোটজন তাই এবার খেলবেন অনেকটা নির্ভার হয়েই। সেরেনা বলেন, ‘আমি কোন চাপ অনুভব করছি না। তবে আগের টুর্নামেন্টগুলোতে চাপ অনুভব করতাম। সবসময়ই গ্র্যান্ডস্ল¬্যাম জয়ের লক্ষ্য নিয়েই কোর্টে নামতাম। এবারও একই লক্ষ্য থাকবে আমার। শিরোপা জিততে চাই। কারণ এবার দারুণ ফর্মে আছি আমি। এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। শিরোপা জয় করার দারুণ সম্ভাবনা রয়েছে আমার। অবশ্য কাজটি বেশ কঠিনই হবে। কারণ সবার লক্ষ্য আমার মতই। তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করছি আমি।’
শেষ দশ বছরের বিজয়ীরা (মহিলা)
সাল খেলোয়াড়
২০১২ মারিয়া শারাপোভা (রাশিয়া)
২০১১ লি না (চীন)
২০১০ ফ্রান্সেসকা শিয়াভোন (ইতালি)
২০০৯ সভেত্লনা কুজনেতসভা (রাশিয়া)
২০০৮ আনা ইভানোভিচ (সার্বিয়া)
২০০৭ জাস্টিন হেনিন (বেলারুশ)
২০০৬ জাস্টিন হেনিন হার্ডিন (বেলারুশ)
২০০৫ জাস্টিন হেনিন হার্ডিন (বেলারুশ)
২০০৪ আনাস্তাসিয়া মাইসকিনা (রাশিয়া)
২০০৩ জাস্টিন হেনিন হার্ডিন (বেলারুশ)
শীর্ষ পাঁচ বাছাই
মহিলা
সেরেনা উইলিয়ামস
মারিয়া শারাপোভা
ভিক্টোরিয়া আজারেঙ্কা
অগনেইস্কা রাদওয়ানস্কা
সারা এরানি
