ধলাই থেকে বালু উত্তোলন

ট্রাক ও ড্রেজার মেশিন জব্দ

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:১৬

কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর নতুন ব্রিজ এলাকা থেকে বালু উত্তোলনের সময় বালু ভর্তি ট্রাকসহ ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভানুগাছ বাজার সংলগ্ন নদী তীর থেকে ট্রাক ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে বালু উত্তোলনকারী লোকদের না পেয়ে বালু ভর্তি একটি ট্রাক ও একটি ড্রেজার মেশিন জব্দ করেন।

বালু ভর্তি ট্রাকসহ নদী থেকে ড্রেজার মেশিন জব্দের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার বলেন, সরেজমিনে গেলে উত্তোলনকারীদের কাউকে পাওয়া যায়নি। তারা পালিয়ে গেছে। তবে এগুলো জব্দ করা হলেও মালিক পাওয়া গেলে জরিমানা করা হবে।

ভানুগাছ বাজারে তিন দোকানকে জরিমানা

এদিকে উপজেলার ভানুগাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখার দায়ে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মাংস দোকানিকে নগদ তিন হাজার টাকা ও দুইটি পোলট্রি ফার্মের দোকানে মূল্য তালিকা না রাখার দায়ে নগদ এক হাজার টাকা জরিমানাসহ তিন প্রতিষ্ঠান থেকে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।