এইচএসসি’র ব্যবসায় নীতি ও প্রয়োগ

আপডেট : ২৫ মে ২০১৩, ১৯:২৫
প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা নিও। ইতিমধ্যে অনেকে দ্বাদশ শ্রেণিতে উর্ত্তীর্ণ হয়েছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে। ব্যবসায় নীতি ও প্রয়োগের প্রথমপত্রের ন্যায় ২য়পত্রে ২টি অংশ রয়েছে। প্রথম অংশ ব্যাংকিং এবং ২য় অংশ বীমা। প্রথমপত্রের ন্যায় রচনামূলকে ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে ৩টি এবং বীমা অংশ থেকে কমপক্ষে ২টি সহ মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনি প্রশ্নে ১ম পত্রের ন্যায় সাধারণ বহুনির্বাচনি, বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি এবং অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন থেকে মোট ৪০টি প্রশ্ন থাকবে। তোমরা নিশ্চয় অবগত আছ যে, সৃজনশীল পদ্ধতি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এর প্রয়োগে নিজেকে মেলে ধরার এক অভিনব সুযোগ। তাই এই শিক্ষা ব্যবস্থায় বছরের শুরু থেকে ধারাবাহিক ভাবে পড়ালেখা করলে খুব সহজেই ভালো রেজাল্ট করা সম্ভব। তাই এখন থেকে দ্বাদশ শ্রেণিতে মনোযোগ দিয়ে পড়ালেখা শুরু করবে। ব্যবসায় নীতি ও প্রয়োগে বোর্ড কর্তৃক প্রদত্ত মূল বইতে যেভাবে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে সেবাবেই প্রতিটি অধ্যায় শ্রেণিকক্ষে সমন্বয় করে প্রথমে অধ্যায়ের পুরো বিষয়বস্তু পড়ে ফেলবে এবং প্রতিটি অধ্যায় শেষ হবার পর উক্ত অধ্যায় থেকে প্রথমে জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ বের করে নিবে। তবে এই জ্ঞানমূলক প্রশ্ন বইয়ের কোন সরাসরি প্রশ্ন থেকে হতে পারে, বইয়ের প্রশ্নের শ্রেণী বিভাগ থেকে হতে পারে, উপ-শ্রেণি বিভাগ থেকে হতে পারে এমনকি বিভিন্ন প্রশ্নের পয়েন্ট থেকে জ্ঞানমূলক প্রশ্ন বের করা যেতে পারে। যেমন, আধুনিক ব্যাংকের পূর্বসূরী কী ? সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন। মহাজন শ্রেণি কী ? পূর্বসূরীদের প্রশ্নের শ্রেণি বিভাগের জ্ঞানমূলক প্রশ্ন । মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান কী ? আমানত সংগ্রহ কী? কোন মূল প্রশ্নের পয়েন্ট থেকে নেয়া এবং বিশেষায়িত ব্যাংক কী ? মূল প্রশ্নের শ্রেণি বিভাগের উপ-শ্রেণি বিভাগ থেকে নেয়া। এভাবে অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহ বের করে ভালো ভাবে পড়ে ফেলবে। এই জ্ঞানমূলক প্রশ্ন থেকে কিছু কিছু প্রশ্ন অনূধাবন মূলক প্রশ্নে রুপান্তর করা যাবে। যেমন, উক্ত জ্ঞানমূলক থেকে আধুনিক ব্যাংকের পূর্বসূরী বলতে কি বুঝায় ? মহাজন শ্রেণি বলতে কি বুঝায় ? আর যে কোন উদ্দীপক তৈরীর পূর্বে সাধারণত যে কোন জ্ঞানমূলক প্রশ্নকে টার্গেট করে করা হয়। যেমন, ব্যাংক কী ? এর উত্তরে হবে, ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত এমন একটি আর্থিক মধ্যস্থ কারবারী প্রতিষ্ঠানকে বুঝায় যা জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, আমানতি অর্থের নিরাপত্তা বিধান করে এবং প্রয়োজনে উক্ত অর্থ ফেরত দেয়। এই ধরনের ছোট একটা জ্ঞান মূলক প্রশ্ন থেকে উদ্দীপক হতে পারে। উদ্দীপক: একটি আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে জনগণের বিক্ষিপ্ত ভাবে পড়ে থাকা সঞ্চয়সমূহ থেকে আমানত সংগ্রহ করে উক্ত আমানতের একটা অংশ দিয়ে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে। উক্ত উদ্দীপক থেকে নিম্নোক্ত প্রশ্ন তৈরী করা যায়। যথা- গ) উপরের উদ্দীপকে যে আর্থিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তার নাম কী ? আলোচনা কর (প্রয়োগ স্তরের প্রশ্ন)। ঘ) উপরের উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের সদস্যের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত বলতে কি বুঝানো হয়েছে বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। (উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন) উপরের উদ্দীপকের গ নং প্রশ্নের জ্ঞানমূলক উত্তর: যে আর্থিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে তার নাম ব্যাংক। উদ্দীপকের ঘ নং প্রশ্নের জ্ঞানমূলক উত্তর হবে: তালিকাভূক্ত ব্যাংকের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। তার মানে একটি জ্ঞানমূলক প্রশ্নকে অনুধাবনমূলক প্রশ্নে রুপান্তর করা যায় এবং একটি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর থেকে একটি উদ্দীপক তৈরী করা যায় এবং এই উদ্দীপক থেকে গ ও ঘ নং অর্থাত্ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন সৃষ্টি করা যায় এবং এর মধ্যে থেকে জ্ঞানমূলক উত্তর খুঁজে পাওয়া যায়। জ্ঞানমূলক প্রশ্ন বের করার পূর্বে প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়ার উদ্দেশ্য হলো জ্ঞানমূলক প্রশ্ন যদি অনুধাবন হিসাবে আসে তবে অনুধাবনের ব্যাখা বিশ্নেষণ প্রয়োজন হবে এমনকি উদ্দীপকের প্রশ্নের উত্তর লেখার জন্যও বিশ্লেষণের প্রয়োজন হবে। তাই প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে। আর প্রতিটি অধ্যায় পড়ার সাথে সাথে তোমাদের মধ্যে ছোট ছোট কিছু প্রশ্নের সৃষ্টি হবে সেই প্রশ্নগুলো তোমরা বইতে আন্ডার লাইন করে নিতে পার । এই প্রশ্ন গুলো থেকে তোমরা বহুনির্বাচনি প্রশ্ন এবং এর উত্তর পেয়ে যাবে। মোটকথা প্রতিটি অধ্যায় প্রথমে ভালোভাবে পড়ে নিবে এবং পড়া শেষ হলে তোমরা নিজেরা গ্রুপ ভিত্তিক শ্রেণি কক্ষে গুরুত্বপূর্ণ জ্ঞান মূলক প্রশ্ন সমূহ বের করে নিবে এবং পরে এই জ্ঞানমূলক থেকে যেসব প্রশ্নসমূহ অনুধাবন মূলক প্রশ্নে রুপান্তর করা যায় তা সনাক্ত করে নিবে এবং জ্ঞান মূলক প্রশ্নের বিভিন্ন উপাদানের আলোকে তোমরা নিজেরা নিজেদের মত করে উদ্দীপক তৈরী করবে এবং এই উদ্দীপক থেকে তোমরা নিজেরা আবার গ ও ঘ সত্মরের প্রশ্ন সৃষ্টি করবে এবং উদ্দীপকে জ্ঞান মূলক উত্তর পেয়ে যাবে এবং পঠিত জ্ঞান থেকে অন্যান্য স্তর সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করবে। তবে সব কিছু মিলিয়ে তোমাদের নিজস্ব চিন্তা ধারার আলোকে উত্তর গুলো লিখার চেষ্টা করবে। মানে ব্যাখ্যা বিশ্লেষণে একটা স্বকীয়তা বজায় রাখবে। তবে তোমরা সাজেশান বা যাই বল না কেন এই জ্ঞান মূলক হবে তোমাদের চূড়ান্ত সাজেশান আর জ্ঞানমূলক থেকে যে গুলোকে অনুধাবনে নিয়ে আসবে তাই হবে অনুধাবনের সাজেশন আর উদ্দীপকের উত্তর হবে ক্ষেত্রমতে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার সমন্বিত প্রয়োগ। আশা করি তোমরা সকলে এই কৌশল অনুসরণ করলে উপকৃত হবে।