মাতৃস্নেহ ও শিক্ষকের ভূমিকা একই সূত্রে গাঁথা

আপডেট : ২৫ মে ২০১৩, ১৯:২৬
মাতৃহূদয়ে বাত্সল্যপ্রেমের ধারা সতত সঞ্জীবিত। সে ধারায় সিক্ত সন্তান পৃথিবীতে এসে মানবিক গুণে সমৃদ্ধ হয়ে ওঠে। মনীষীর সেই উত্তম বচন প্রবচনে পরিণত হওয়ার কারণও তাই। একজন শিক্ষিত মা-ই পারেন তার সন্তানকে যথার্থ মানুষ হবার শিক্ষা দিতে। শিক্ষিত বলতে প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী বোঝানো হয়নি, স্বশিক্ষিত ব্যক্তিই সুশিক্ষিত। সন্তানকে বুকে জড়িয়ে সব দুঃখ-যন্ত্রণা,দৈন্য-তুচ্ছতাকে বরণ করে মা হয়ে ওঠেন সর্বংসহা। শিশু মনোবিজ্ঞান মতে, মায়ের গর্ভে থাকার সময় থেকেই শিশু যেমন মাতৃসত্তাকে অনুধাবন করতে শেখে, তেমনি মায়ের সকল কাজ-কর্ম, চিন্তা-চেতনা, আবেগ-অনুভূতি, আচরণ, মূল্যবোধ গর্ভের শিশুর ওপর প্রভাব ফেলে। শিশুর প্রথম ও প্রকৃত শিক্ষকও মা। মায়ের মুখের ভাষাই শিশু প্রথম রপ্ত করতে থাকে। এমনকি শৈশবকাল থেকেই শিশু মায়ের প্রত্যেকটি আচরণ এবং কথা-বার্তা অনুকরণ করতে শেখে। সুতরাং একজন শিশুর মনন গঠনে এবং চারিত্রিক বিকাশে মায়ের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। মাত্রাতিরিক্ত স্নেহ আবার কোমলমতি শিশুকে স্বেচ্ছাচারী করে তোলে । সেদিকেও মাকে সচেতন থাকতে হয়। সন্তানের কল্যাণার্থে মা সর্বদা যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন। অন্তরের সোহাগ এবং চোখের শাসন — দুয়ে মিলে সন্তানকে সঠিক পথ নির্দেশনা দিয়ে চালিত করার ক্ষেত্রে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ মা-ই শিশুদের খুব কাছের জন। প্রত্যেক মা মনে করেন তার সন্তান সুতীক্ষ বুদ্ধি ও উদ্ভাবনী প্রতিভা নিয়ে জন্মেছে। সন্তানের প্রতিভা বিকাশের অনুকূল পরিবেশ তৈরি করার পুরো দায়িত্বই মা নিজের কাঁধে তুলে নেন। আদি শিক্ষক হিসেবে মা তার সন্তানের আধো আধো বোলের মাধ্যমে মাতৃভাষায় শিক্ষা দিতে কখনো অনীহা করেন না। অন্যদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষক হলেন প্রকৃত অভিভাবক। শিক্ষকের নিকট শিক্ষার্থী সন্তানতুল্য। শিক্ষাদানের জন্য শিক্ষক থাকেন নিবেদিতপ্রাণ। যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণের মধ্যে শিক্ষক অন্যতম। শিক্ষক শিক্ষার্থীর পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন। মায়ের মুখ থেকে বর্ণ পরিচয় নিয়ে শিক্ষার্থীরা অধিক আগ্রহে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়। তাদের জ্ঞান পিপাসা সমৃদ্ধ হয় শিক্ষকের আন্তরিকতায়। শিক্ষার্থীকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারলে শিক্ষক তৃপ্তি পান। জ্ঞানার্জনই শিক্ষার্থীর তপস্যা, জ্ঞানদানেই শিক্ষকের অপার আনন্দ। এতেই শিক্ষক- শিক্ষার্থীর মধ্যে গড়ে ওঠে নৈকট্য এবং স্নেহপূর্ণ সহূদয়তা। সেবাধর্মের মধ্যে যে মহত্ব, উদারতা ও আত্মসুখ রয়েছে, সে শিক্ষাও দিয়ে থাকেন শিক্ষক। শিক্ষকের ঐকান্তিক আগ্রহ, নিষ্ঠা, উত্সাহ পারে শিক্ষার্থীকে জ্ঞানদীপ্ত করে তুলতে। শিক্ষকের প্রজ্ঞা, মনীষা, ব্যক্তিত্ব ,আদর্শ অনুসরণীয় হয়ে থাকে শিক্ষার্থীর নিকট। দীপশিখা যেমন অন্ধকার দূরীভূত করে, তেমনি শিক্ষকের জ্ঞানালোকে শিক্ষার্থীর অন্তর আলোকিত হয়। পরিবার এবং প্রতিষ্ঠানেই মূলত শিশু ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, অধ্যয়নে আগ্রহ, শীলিত আচরণ, বিনম্রতা, স্বদেশপ্রেম, স্বীয় সংস্কৃতিপ্রীতি, মানবতাবোধ প্রভৃতি গুণাবলি অর্জন করে থাকে। শিক্ষাই পারে সকল সংকীর্ণতা থেকে মুক্ত করে শিক্ষার্থীর চেতনাকে প্রসারিত করতে। শিক্ষক স্বার্থ চিন্তায় মগ্ন থাকতে পারেন না। শিক্ষকের উদার দৃষ্টিভঙ্গি এবং সুশিক্ষা শিক্ষার্থীকে সংযত, সংহত, সুসভ্য, সুসংস্কৃত, শীলিত করে। পরিবারে মাতৃদৃষ্টি সন্তানের চলন, বলন, মনন, শিখনে যেমন প্রত্যক্ষ ভূমিকা রাখে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকও তেমনি শিক্ষার্থীকে সত্সঙ্গ ও মহত্ মানুষের সান্নিধ্য, সহমর্মিতা, সহনশীলতা প্রভৃতি মানবিক গুণাবলি শিক্ষা দেন। সন্তানের সঠিক পরিচর্যায় মায়ের ভূমিকা অনস্বীকার্য। অনুরূপভাবে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে শিক্ষকের দায়িত্ব। পরিবারে মা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ওপর নির্ভর করে ভবিষ্যত্ প্রজন্মের চিন্তা-চেতনা, মনন ও মূল্যবোধ। অতএব একজন মানবশিশুকে প্রকৃষ্ট মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মাতৃস্নেহ এবং শিক্ষকের ভূমিকা একই সূত্রে গাঁথা।