সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:১৭

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের চিকিত্সা সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের চিকিত্সা সহায়তা প্রদান করা হয়েছে। সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

মুক্তিযোদ্ধা মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার মাটিয়াডাঙ্গা বাজারে মুক্তিযোদ্ধা মার্কেটের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা বাজারে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বোরো চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কেশবপুর (যশোর) সংবাদদাতা কেশবপুর উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে সরকারি বরাদ্দের চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ১ হাজার ৪৯৬ টন বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। চলতি মৌসুমে উপজেলার ২৩ জন মিলারের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে আগামী ৩০ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি চলবে।

শিবচরে বিশ্বকবির ১৫৮তম জন্মবার্ষিকী পালন

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবাষির্কী উপলক্ষে শিবচর পৌরসভার রবীন্দ্র সরোবরের কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। বুধবার সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. শামসুদ্দিন খান।

নিরাপদ সড়কের দাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জ পৌর শহরে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমিটির পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নিসচা ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব চৌরাস্তায় আলোচনা সভায় মিলিত হয়।

সাঘাটা উপজেলা হাসপাতালের নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন

সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা সাঘাটা উপজেলা হাসপাতালের নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। পরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এক আলোচনা সভা হয়।

গম সংগ্রহের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি সারাদেশের মতো নওগাঁর রাণীনগরে গম সংগ্রহ-২০১৯ এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে সংগ্রহের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম, রাণীনগর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. শরিফুল ইসলাম (লিটন) প্রমুখ।

শরীয়তপুরে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ পালিত

শরীয়তপুর প্রতিনিধি ‘জীবন বাঁচান, আওয়াজ তুলুন’ এই শ্লোগানের মধ্য দিয়ে শরীয়তপুরে পঞ্চম বিশ্ব নিরাপদ সপ্তাহ পালিত হয়। এ সপ্তাহ পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।

নাসিরনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল আহাদকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার নাসিরনগর-চাতলপাড়-অরুয়াইল সড়কের চাতলপাড় কলেজের সামনে কর্মসূচি পালিত হয়। চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বর্তমান ইউপি সদস্য বিনয় রায়, সাবেক সদস্য ইউনুছ আলী, আওয়ামী লীগ নেতা আসকর আলী প্রমুখ।

সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

নেত্রকোনা প্রতিনিধি সরকারের ধান চাল সংগ্রহ অভিযানের লক্ষ্য হিসেবে বৃহস্পতিবার থেকে তিন মাসব্যাপী নেত্রকোনা সদরে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। নেত্রকোনা সদর উপজেলা খাদ্য গোদামে এ ক্রয় কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুমনা আল মজিদ।