জৈব প্রযুক্তি অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:২১
জৈব প্রযুক্তির ওপর আন্তর্জাতিক কর্মশালায় বক্তারা বলেছেন, কৃষি উন্নয়ন তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে জৈব প্রযুক্তি ব্যাপক অবদান রাখতে পারে। তারা বলেছেন, বর্তমানে বিভিন্ন দেশকে জলবায়ু পরিবর্তনসহ নানা প্রতিকূল পরিবেশ মোকাবিলা করতে হচ্ছে। এমতাবস্থায় সীমিত সম্পদ ব্যবহার এবং প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া দুইদিনব্যাপী জৈব প্রযুক্তি বিষয় এ কর্মশালার প্রথম দিন শনিবার প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। কৃষিমন্ত্রী বলেন, খরা, লবণাক্ততাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। গত ৪২ বছরে কৃষির উত্পাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে। জিএমক্রপ ও বায়োটেকনোলজির সমস্যা ও সম্ভাবনা দিক তুলে ধরে তিনি বলেন, বর্তমান কৃষি উন্নয়নে প্রয়োজনে জৈব প্রযুক্তি গুরুত্বপূর্ণ। বায়োটেকনোলজি কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলংকার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. টিসা ভিতাহরানা, কেয়ারস-এর সহ-সভাপতি অধ্যাপক এম শমশের আলী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, কেয়ারস-এর সেক্রেটারি জেনারেল কে এম এস আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিতা আর কলওয়েল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মার্কিন যু্ক্তরাষ্ট্র, কানাডা, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল এবং বাংলাদেশের বিজ্ঞানীরা এই কর্মশালায় অংশ নিচ্ছেন। সম্মেলন আয়োজন করেছে কমিটি অব এ্যাকশন ফর রিসার্চ, এক্সটেনশন এ্যান্ড সার্ভিসেস (কেয়ারস)। সম্মেলনের মূল প্রতিপাদ্য বাংলাদেশের উন্নয়ন চাহিদা অনুযায়ী জৈব প্রযুক্তির ব্যবহার’। সম্মেলনে কৃষি বিজ্ঞান, উদ্যান বিদ্যা, মত্স্য চাষ, পশু ও কৃষি কর্ম, জৈব চিকিত্সা ও ওষুধপ্রস্তুত সংক্রান্ত, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান সংক্রান্ত, পরিবেশ ও আবহাওয়া পরিবর্তন বিষয়ক এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গবেষণায় অর্থনৈতিক সম্পদ ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা হবে। সম্মেলনে উপস্থাপিত বিষয়ে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করবে বলে আয়োজকরা জানান। আজ অনুষ্ঠানের সমাপনী দিনে অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।