‘যুব সমাজ রক্ষায় চাই সামাজিক আন্দোলন’

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:২৩
মাদকদ্রব্যের আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন প্রয়োজন বলে দাবি করেন সংশ্লিষ্টজনেরা। গতকাল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত যুবসমাজের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক এক আলোচনা সভায় সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা এ দাবি করেন। বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কোরিয়ার সুপ্রিম প্রসিকিউটর (এসপিও)-এর নারকোটিক্স ডিভিশন যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শিক্ষা অধিশাখার পরিচালক মোঃ মজিবুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কোরিয়ার সুপ্রিম প্রসিকিউটর (এসপিও)-এর নারকোটিক্স ডিভিশন প্রধান সিউল হি লি, বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাসের কাউন্সিলর ও মিশনের উপ-প্রধান হিয়ান জু এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবাল। সচিব সিকিউকে মোস্তাক আহমেদ বলেন, যুবসমাজের মাদকাসক্তি শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের সমস্যা। তৃণমূল, জাতীয় ও আন্তর্জাতিকভাবে মানুষ এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন। তবে সম্মিলিত প্রচেষ্টা এই সমস্যা সমাধানে ভূমিকা রাখতে সক্ষম হবে। এ ক্ষেত্রে সমাজের প্রত্যেক শ্রেণির ভূমিকার উপর জোর দেন তিনি। সিউল হি লি বলেন, তাদের দেশে ইয়াবা একটি বড় সমস্যা ছিল তবে সামাজিক আন্দোলনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোরিয়া বাংলাদেশকে মাদকমুক্ত করার জন্য নানারকম উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবাল।