জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রাক বাজেট সভা সিনেট সদস্যদের একাংশের বর্জন

আপডেট : ২৫ মে ২০১৩, ২২:২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন বাজেট নিয়ে শনিবার প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও সম্পদ অপচয়ের অভিযোগ এনে সিনেট সদস্যদের একাংশ সভা বর্জন করে। এর আগে সকাল দশটায় সভা শুরুর নির্ধারিত সময়ের পূর্বেই সাংবাদিক সম্মেলন করে সভা বর্জনের ঘোষণা দেন ‘অপচয় বিরোধী সিনেটরবৃন্দ’। সংবাদ সম্মেলনে সিনেটররা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রাক-বাজেট সিনেট সভার কোন দৃষ্টান্ত নেই বলে উল্লেখ করেন এবং এ ধরনের সভার আয়োজন বিশ্ববিদ্যালয়ের অর্থ অপচয়ের দৃষ্টান্ত বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেট সদস্য ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন ও কলা অনুষদের ডিন অধ্যাপক কামরুল আহছান টিটু প্রমুখ। এদিকে গতকাল সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেনকে মোবাইলে কে বা কারা হুমকি প্রদান করে। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।