তেলাপোকা নিয়ে দুতের্তের কৌতুক

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:২১

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তার কাঁধের ওপর বসা একটি তেলাপোকা নিয়ে কৌতুক করেছেন। তিনি বলেন, পতঙ্গটি যখন তার ওপর এসে বসে তখন তিনি মনোযোগ না হারিয়ে বরং সেটিকে নিয়ে অনেক রসাত্মক কথা বলেন।

বুধবার রাতে মধ্যাঞ্চলীয় বোহোল প্রদেশে ওই সমাবেশে ৭৪ বছর বয়সী দুতের্তে দল মনোনীত সিনেট প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছিলেন; ভিডিও ফুটেজে এ সময় হঠাত্ করেই একটি তেলাপোকাকে তার বাম কাঁধে উড়ে এসে বসতে দেখা গেছে। পোকাটি সরাতে দুতের্তের এক নারী সহকর্মী দৌড়ে এলেও কাজ হয়নি; তেলাপোকাটিকে এরপর কাঁধ থেকে নেমে প্রেসিডেন্টের শার্টের সামনের অংশের দিকে অগ্রসর হতে দেখা যায়। উদ্বিগ্ন সহকর্মীর কাছ থেকে সতর্ক হয়ে দুতের্তে ওই আঙুল সমান পতঙ্গটিকে টোকা দিয়ে নিচে ফেলে দেন, মাটিতে পা ঠুকেন। — রয়টার্স