রাজীব গান্ধীর মৃত্যুর জন্য বিজেপি দায়ী :প্যাটেল

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:২১

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর মৃত্যুর জন্য এবার সরাসরি বিজেপিকেই দায়ী করলেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। টুইট করে তিনি বলেন, ‘বিজেপি ওই সময় প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহের সরকারকে সমর্থন করেছিল। আর সেই সময় বার বার বলা সত্ত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বাড়তি নিরাপত্তা দিতে অস্বীকার করেছিল প্রধানমন্ত্রী ভি পি সিংহের সরকার। তাকে দেওয়া হয়েছিল শুধু একজন নিরাপত্তা অফিসার। গোয়েন্দা সংক্রান্ত কাজে যার পর্যাপ্ত অভিজ্ঞতাও ছিল না। রাজীবের মৃত্যুর জন্য তাহলে দায়টা কার?’

বৃহস্পতিবার টুইটে আহমেদ প্যাটেল বলেন, ‘কোনও শহীদ প্রধানমন্ত্রীর অবমাননা আদতে কাপুরুষতারই দৃষ্টান্ত। বিজেপির ঘৃণা-বিদ্বেষের রাজনীতির জন্যই রাজীব গান্ধীকে প্রাণ দিতে হয়েছিল। এই সব ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়ার জন্য তিনিও আজ আর আমাদের মধ্যে নেই।’— আনন্দবাজার পত্রিকা