অনলাইন কেনাকাটায় হাত বাড়ালেই কাঙ্ক্ষিত পণ্য

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:২৬

ব্যস্ত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন বাজার। নগরবাসীর কাজের ব্যস্ততা, সড়কে যানজট ও শপিংমলের বিরক্তিকর ভিড় এড়াতে ভার্চুয়াল দুনিয়ার শপিং এখন স্বস্তির একমাত্র মাধ্যম বলে জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন, ভার্চুয়াল দুনিয়ায় এমন কিছু নেই যা পাওয়া যায় না। গ্রাহকদের আকৃষ্ট করতে অনলাইনগুলো দিচ্ছে আকর্ষণীয় ছাড় ও অফারের সুযোগ। দাম ও ব্র্যান্ড দেখে অর্ডার করলেই হাতের নাগালে চলে আসছে কাঙ্ক্ষিত পণ্য।

দারাজ ডটকম, প্রিয়শপ ডটকম, বাগডুম ডটকম অথবা ডটকম, কিকশা ডটকম—এমন অসংখ্য অনলাইন শপ আছে ভার্চুয়াল জগতে। যেখানে মিলছে শাড়ি, চুড়ি, পোশাক থেকে শুরু করে ঘর সাজানোর নানা পণ্য, ফার্নিচার, বই, ছেলে ও মেয়েদের কাপড়, গহনা, পারফিউম, ঘড়ি, সানগ্লাস, কসমেটিকস, ইলেট্রনিক সামগ্রী, মোবাইল ফোনসেট, টিভি ও অন্যান্য সামগ্রী। রমজান, ঈদসহ অন্যান্য ধর্মীয় সাংস্কৃতিক উত্সবগুলোতে এই ভার্চুয়াল বাজার হয়ে ওঠে আরো রমরমা। জামা-কাপড়, জুয়েলারি, শাড়ি, প্রসাধনী, ঘর গোছানোর সামগ্রী, চাল-ডাল, মাছ-মাংস, সবজি থেকে শুরু করে জমি, ফ্ল্যাট, গাড়ি, কম্পিউটার, মোবাইল ফোন, গহনা, ব্যাগ-কসমেটিকস, নিত্যপ্রয়োজনীয় পণ্য সবই মিলছে অনলাইনে। বাদ যাচ্ছে না রমজান মাসের সেহরি ও ইফতার। স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষিত তরুণদের পাশাপাশি কর্মব্যস্ত মানুষের জন্য এখন কেনাকাটার প্রধান মাধ্যম হয়ে উঠেছে এটি। অনলাইন মার্কেটের প্রতিনিধিরা বলছেন, আমাদের ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। তবে কেনাবেচার জন্য নির্দিষ্ট সাইটগুলোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও জমে উঠেছে এই কেনাবেচা। বিশেষ করে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নামে খোলা হচ্ছে পেজ। আর তা থেকেই ক্রেতারা খুঁজে নিচ্ছেন পছন্দের পণ্য। উদ্যোক্তাদের মতে, নতুনদের পাশাপাশি বিশ্বের বড় মাপের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখন তাদের পণ্যের প্রচারে ব্যবহার করছে ফেসবুক। অল্প পুঁজিতে, এমনকি বিনা পুঁজিতেও এ ব্যবসায় নামছেন অনেকে। ঘরে বসেই ব্যবসা পরিচালনাও করা যাচ্ছে। তাই নতুন উদ্যোক্তাদের কাছে অনলাইন সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম।

কেনাকাটায় ঝামেলামুক্ত ও সহজ এই মাধ্যমে ঝুঁকে পড়ছে নতুন প্রজন্মের একটা বড় অংশ। যারা দোকান, শপিংমলের ভিড় উপেক্ষা করে কেনাকাটা করছেন বাড়িতে বসেই। অন্য আরেকটি অংশ যারা কর্মজীবী নারী।