আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’-তে নিজেকে প্রবল, প্রচণ্ড, ক্ষ্যাপা, উন্মাদ, দুরন্ত যেমন বলেছেন, তেমনি নিজেকে চির-শিশু, চির-কিশোর বলেও বিশেষায়িত করেছেন। “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ-তূর্য” যথার্থই এই উচ্চারণ। প্রচণ্ড আবেগী কবি-প্রাণ শোষণ-বঞ্চনা-উত্পীড়ন-বৈষম্য দেখে কখনও বিদ্রোহী হয়ে উঠেছেন, কখনও কুলি-মজুর-শ্রমিক অর্থাত্ শ্রমজীবী মানুষগুলোর সাথে এক সারিতে দাঁড়িয়ে তাদের “জীবন বন্দনা” গেয়েছেন। অগ্নিবীণা, বিষের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা প্রভৃতি কাব্যগ্রন্থগুলোর নামের মধ্যেই রয়েছে একই সাথে প্রলয় এবং সৃজন। “ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর”-এই চিরসুন্দর কবিসত্তার জীবন-ইতিহাস বড়ই ঘটনাবহুল, বড়ই বিচিত্র। ছোট্ট দুখুমিয়া দুখের পরশমণিতে সোনা হয়ে উঠেছেন। তাঁর হূদয়ে ছিলো শিশুর মতই নির্মল আনন্দ আর উচ্ছ্বাস। যে আনন্দরাশি তাঁর জীবনের সকল দুঃখ ভুলিয়ে দিয়েছে। শিশু-কিশোরদের সত্যিকারের মানুষ হতে, দেশ ও জাতি গঠনে কল্যাণের পথে এগিয়ে নিতে তিনি লিখেছেন ছড়া, কবিতা, নাটিকা, গল্প।
“ভোর হলো দোর খোলো/ খুকুমণি ওঠোরে” খোকা-খুকুর ঘুম জড়ানো চোখের সামনে এক নতুন প্রভাতকে মেলে ধরেছেন। আর তাইতো ঘুমের জড়তা নয়, খোকাই মাকে বলেছে - “আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো”। খোকার কখনও কখনও ইচ্ছে হয় “আমি যদি বাবা হতাম, বাবা হতো খোকা/ না হ’লে তার নামতা পড়া, মারতাম মাথায় টোকা”। খাঁদু-দাদু, লিচু-চোর, খুকি ও কাঠবেড়ালি, সঙ্কল্প, ঝিঙে-ফুল, ঠ্যাং-ফুলি, পিলে-পটকা, ফ্যাসাদ, নতুন খাবার, ও ভাই কোলা ব্যাঙ, তালগাছ, প্যাঁচা প্রভৃতি তাঁর খুবই মজার ছড়া-কবিতা। যার মধ্যে শিশুমনের সহজ-চিন্তা, সরল উচ্চারণ, নিটোল ছন্দ বাঁধা পড়েছে।
তাঁর মতে, শিশু-কিশোরদের প্রার্থনা হবে - “রহি যেন চির উন্নত শির/যাহা চাই যেন জয় করে পাই/গ্রহণ না করি দান/হে সর্বশক্তিমান।” জাগো নব যাত্রী, জাগো প্রাণ অফুরান, জাগো রে তন্দ্রা অলস, ছাত্রদলের গান, তরুণ তাপস , চল্ চল্ চল্ প্রভৃতি কবিতায় কিশোর দলকে দেশ ও জাতির কল্যাণের ব্রতে প্রাণিত করেছেন। কারণ তিনি জানতেন “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে”। “থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগত্টাকে” কিম্বা “বিশ্বজগত্ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে” এমন সব অদম্য ইচ্ছার মূলেও কবির কবিতাগুলো উত্কৃষ্ট প্রভাবক।
মানবপ্রেমী কবির অন্তরে ছিলো দুঃখী মানুষের প্রতি অকৃত্রিম দরদ। “গরিবের ব্যাথা” কবিতায় কবির প্রশ্ন “সারাদিনের অনাহারে শুষ্ক বদনখানি / ক্ষিদের জ্বালায় ক্ষুণ্ন, তাতে জ্বরের ধুকধুকানি।...এদের ফেলে ওগো ধনী, ওগো দেশের রাজা/কেমন করে রোচে মুখে মণ্ডা মিঠাই খাজা?” মানুষে মানুষে ভেদাভেদ তিনি কখনো মানতেন না। তাই তিনি আমাদের সন্তানদের উদ্দেশ্যে আশীর্বাদ বাণী উচ্চারণ করে বলেছেন “অনাত্মীয়েরে আত্মীয় করো/তোমার বিরাট প্রাণ। করো নাকো যেন কোনোদিন কোনো/মানুষে অসম্মান।” তাঁর দেশাত্মবোধক কবিতাগুলোতে স্বদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং মমত্ববোধ প্রকাশিত হয়েছে। “আমার দেশের মাটি”, “আমার শ্যামল বরণ বাঙলা”, “একি অপরূপ রূপে মা তোমায়” এমন অনেক দেশপ্রেমমূলক কবিতা লিখেছেন। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক চেতনা মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। একথা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তাঁর বিখ্যাত সেই সঙ্গীত- “ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ”। যে সঙ্গীত ঈদের খুশিকে বহুগুণ বৃদ্ধি করে, হূদয়কে শুদ্ধ করে। তিনি বিভিন্ন ধরণের প্রায় ৪ হাজার সঙ্গীত রচনা করেছেন। তাঁর চিরন্তন কামনা- “নিত্য ও-নাম য়্যা ইলাহী যেন হূদে জাগে।” কাজী নজরুল ইসলামের জন্ম বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ (২৪ মে ১৮৯৯)। শিশু বয়সে পিতৃহারা হয়ে তাকে বহু বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে দাঁড়াতে হয়েছে। “বাউণ্ডেলের আত্মকথা” দিয়ে প্রথম গল্প লেখা শুরু। সামাজিক রাজনৈতিক প্রতিকূলতা তাঁর লেখনি শক্তিকে থামিয়ে দিতে পারে নি। “লাঙল” , “ধূমকেতু”, “দৈনিক নবযুগ” প্রভৃতি পত্রিকার সম্পাদনাও করেছেন। একাত্তরে দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ এ তাঁকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ঢাকায় নিয়ে আসেন। পরবর্তী সময়ে তাঁকে বাংলাদেশের “জাতীয় কবি”-র সম্মানে ভূষিত করা হয়।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘জগত্তারিণী স্বর্ণ-পদক (১৯৪৫)’, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ডি-লিট (১৯৬৯)’, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ডি-লিট (১৯৭৪)’, বাংলাদেশ সরকার কর্তৃক ‘একুশে পদক (১৯৭৬)’ প্রাপ্ত হন। তাঁর কবিতা-গল্প-নাটক-প্রবন্ধ-সঙ্গীত সহ সমগ্র রচনা বাংলা সাহিত্যে অমূল্য সম্পদ। ১৯৪২/৪৩ এর দিকে তিনি মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন এবং এক সময় বাকশক্তি হারিয়ে ফেলেন। আমৃত্যু এই অবস্থাতেই ছিলেন। ১২ ভাদ্র ১৩৮৩ (২৯ আগস্ট ১৯৭৬) এই ক্ষণজন্মা মনীষীর মহাপ্রয়াণ ঘটে।
