ভালোবাসার অশ্রুতে শেষ যাত্রা অতিরিক্ত আইজিপি রৌশন আরার

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:৪৬

ভালোবাসার অশ্রুজলে বিদায় নিলেন বাংলাদেশ পুলিশের শীর্ষ নারী কর্মকর্তা পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর (অতিরিক্ত আইজিপি) রৌশন আরা বেগম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর নয়াটোলা জামে মসজিদে, দ্বিতীয় জানাজা দুপুর ১২টায় মগবাজার ওয়ারল্যাস জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রাজারবাগ পুলিশ লাইনসে্র এসআই শিরু মিয়া মিলনায়তনে বাদ জোহর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. আল-আমিন। 

জানাজা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম, বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি তথ্য কমিশনার সুরাইয়া বেগম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ৭ম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাগণ, বিসিএস ৮৫ ফোরামের সদস্যবৃন্দ, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর ভাইস রেক্টর মো. ইব্রাহীম ফাতেমী, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নেতৃবৃন্দ, সংসদ সদস্য আবদুল মতিন খসরু, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি নেতৃবৃন্দ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক শায়লা ফারজানা, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মহিলা পরিষদ নেতৃবৃন্দ বাংলাদেশ পুলিশের পতাকা মোড়ানো মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমাকে ফিউনারেল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজে। রাজধানীর আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

গতকাল ভোরে মরহুমার মরদেহ টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে দেশে এসে পৌঁছে।  গত ৫ মে কঙ্গোর কিনসাসায় শান্তিরক্ষা মিশন পরিদর্শনকালে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম প্রাণ হারান।