রাজধানীর খিলগাঁও আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠলেও সেখানে নেই কোন নাগরিক সুযোগ-সুবিধা। প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এখানকার বাসিন্দারা। কোন কোন আবাসিক বাড়িতে ওয়াসার পানি থাকলেও আবার অন্য বাড়িতে নেই। এখানকার রাস্তার দুই ধারে নর্দমাগুলোর আবর্জনা উপচেপড়ে সৃষ্টি করেছে জলাবদ্ধতার। এমনকি এই আবাসিক এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই ডাস্টবিনের দুর্গন্ধ নিয়ে চরম বিড়ম্বনায় শিক্ষক-শিক্ষার্থীরা। আবাসিক এলাকার এই করুণ দশায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে রাজধানীর খিলগাঁও সি ব্লকের রাস্তাটি দীর্ঘ দুই মাস ধরে মুখ থুবড়ে পড়ে আছে। ড্রেনেজ লাইনের মেরামত কাজ চলছে অত্যন্ত মন্থর গতিতে। ফলে খিলগাঁও সি-ব্লকের রাস্তায় চলাচল করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
পুরো রাস্তা কেটে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। স্থানে স্থানে ইট ও মাটি স্তূপ করে রাখা হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা রাস্তায় গাড়ি বের করতে পারছেন না। এমনকি রাস্তায় চলাচল করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। এতে বাসিন্দাদের পাশাপাশি স্কুল ও কলেজের হাজার হাজার ছাত্র-ছাত্রী সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
সামান্য বৃষ্টি হলেই রাস্তা কর্দমাক্ত হয়ে উঠছে। ড্রেনেজ লাইন অর্ধনির্মিত অবস্থায় পড়ে থাকায় বৃষ্টির পানি স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভিতর প্রবেশ করে বিরাট দুর্ভোগের সৃষ্টি করছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ইত্তেফাককে বলেন, আমরা সব সময়ে ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। খিলগাঁও এলাকায় যেসব সমস্যা আছে তা দ্রুত সমাধান করা হবে। ডাস্টবিন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থাকলে অবশ্যই তা সরানো হবে। বৃষ্টির পর খিলগাঁও এলাকায় নর্দমাসহ ড্রেনেজ লাইনের কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
১৪ দশমিক শূন্য ২ বর্গ কি.মি আয়তনে খিলগাঁও এলাকায় ৫ লাখ ৯ হাজার ২৪৮ লোক বসবাস করছেন। ঢাকায় ওয়ারির পর ধানমন্ডি ও খিলগাঁও আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হয়। কিন্তু সেই আবাসিক এলাকা বর্তমানে নামে মাত্র পরিচয় পাচ্ছে। খিলগাঁও এলাকার নাগরিকদের প্রতিনিয়ত পানি, পয়:নিষ্কাশন, দুর্গন্ধ, বিদ্যুত্, গ্যাস, টেলিফোন, বর্জ্য অপসারণ, পরিবহন, যানজট, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। আবাসিক এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও নানা ধরনের সমস্যায় রয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের দৈনন্দিন অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে চলাফেরা করতে হচ্ছে। কেউ পাচ্ছে পানি আবার কেউ পাচ্ছে না পানি। রাস্তা-ঘাটের অবস্থাও বেহাল। নলা-নর্দমার বেশির ভাগের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। রাজধানীর খিলগাঁও এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে নানা সমস্যা।
ডাস্টবিনের দুর্গন্ধ নিত্যসঙ্গী
খিলগাঁও উচ্চ বিদ্যালয় ও ন্যাশনাল আইডিয়াল কলেজের সামনেই স্থায়ীভাবে রাখা হয়েছে বিশাল ‘ডাস্টবিন’। আর এই ডাস্টবিন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিষ্ঠান দু’টির ক্লাস রুমে। দুর্গন্ধের কারণে ঠিকমত ক্লাসও করতে পারছেন না শিক্ষার্থীরা। স্কুল-কলেজে আসতে হলেও নাকে রুমাল দিয়ে আসতে হচ্ছে।
প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে খিলগাঁও উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে রয়েছে প্রায় ১ হাজার শিক্ষার্থী। এই ১ হাজার শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক ও অভিভাবকদেরও স্কুলের সামনে ডাস্টবিনের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে টিস্যু পেপার, কাগজ বা রুমাল ব্যবহার করতে হয়।
খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অলোকা ঘোষ ইত্তেফাককে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন শোভা পায় না। আর নিয়মিত এটা পরিষ্কার করা হয় না। ময়লা-আবর্জনার দুর্গন্ধে স্কুলের পরিবেশও নষ্ট হচ্ছে। তিনি অবিলম্বে এই ডাস্টবিন প্রত্যাহারের জন্য ডিসিসির প্রতি আহবান জানিয়েছেন।
কেউ পাচ্ছে পানি আবার কেউ পাচ্ছে না
খিলগাঁও সি ব্লকে ন্যাশনাল আইডিয়াল কলেজের মাত্র ১০ হাত দূরে অবস্থিত ওয়াসার (খিলগাঁও পানির পাম্প-৬) পানির পাম্প। কিন্তু নিয়মিত পানি থাকে না এখানে। এই ব্লকের ৫৮৬, ৫৮৭, ৫৮৮, ৫৮৯, ৫৯০ নম্বর বাসায় নিয়মিত পানি থাকে না। দূরের ওয়াসার পাম্প থেকে এখানে দেয়া হয় পানির সংযোগ। অন্যদিকে ৫৮৫, ৫৮৪, ৫৮৩, ৫৮২ নম্বর বাসায় রয়েছে পাম্প-৬ এর পানির সংযোগ।
স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম ইত্তেফাককে জানান, ওয়াসার অব্যবস্থাপনার কারণে আমাদের নানামুখী সমস্যায় পড়তে হয়। তিনি খিলগাঁও পানির পাম্প থেকে আবাসিক এলাকার সব বাড়িতে পানির সংযোগ দেয়ার জন্য ওয়াসার প্রতি আহবান জানান।
খিলগাঁও ওয়াসার পানির পাম্পের অপারেটর ওয়ালিউল্লাহ জানান, কিছুদিন আগে পানির লাইনে ত্রুটির কারণে কিছু সমস্যা হয়েছিল। পরে এটি ঠিক করা হয়েছে। এখন আর সমস্যা নেই। এই পানির পাম্পেও দুই লাইন সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান।
রাস্তার দু’ধারে আবর্জনা
খিলগাঁও আবাসিক এলাকার বিভিন্ন রাস্তার দুই ধারে ডিসিসির ভূ-উপরিস্থ নর্দমার বেশির ভাগই দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না। নর্দমার ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ থাকায় খিলগাঁও এলাকার রাস্তাগুলোও অপরিষ্কার। বেশির ভাগ নর্দমায় পলিথিন ও অন্যান্য বর্জ্য জমে আছে। এ কারণে ওয়াসার নিষ্কাশন নালা-নর্দমাও ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে।
খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কাইয়ুম ইত্তেফাককে বলেন, নর্দমাগুলো ময়লা-আবর্জনায় ভরাট হওয়ার কারণে পরিবেশ বিপন্ন হতে চলেছে। তিনি খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষার্থে অবিলম্বে নর্দমাগুলো পরিষ্কার করার জন্য ডিসিসির প্রতি আহবান জানান।
খিলগাঁও সি ব্লকের ৫৮৬ নম্বর বাসার বাসিন্দা খোন্দকার শাহাদাত্ হোসেন বলেন, ডাস্টবিনের দুর্গন্ধ, ওয়াসার পানি বন্টনে অব্যবস্থাপনা ও নর্দমার আবর্জনা খিলগাঁও আবাসিক এলাকার মানুষকে ভাবিয়ে তুলেছে। এসব কারণে এলাকার আবাসিক সৌন্দর্য হারিয়ে ফেলেছে। তিনি অবিলম্বে এসব সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। এছাড়া তিনি দ্রুত খিলগাঁও সি-ব্লকের ড্রেনেজ লাইন মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
