ঢালিউডেও আইটেম গার্ল প্রবণতা

আপডেট : ২৬ মে ২০১৩, ২১:৫০
বলিউডকে ক্রমাগত অনুকরণের প্রতিযোগিতা করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়েছে। এখন ঢালিউড ক্রান্তিলগ্নে তরুণ নির্মাতাদের পথ ধরে আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে। কিন্তু এ প্রজন্মের নির্মাতাদেরও সেই একই নকল প্রবণতা। বলিউডে যেমন আইটেম গান ছাড়া কোন ছবির হিট তকমা লাগে না। তেমনি আমাদের দেশেও সেই ফর্মুলায় হিট পেতে অনবরত আইটেম গানের ব্যবহার চলছে। আর এর বদৌলতে নায়িকা হিসেবে কারো কারো ক্রেজ না হলেও ঢালিউডে তৈরি হয়েছে বেশ কয়েকজন আইটেম গার্ল। এ আইটেম গার্লের মধ্যে নোমান রবিনের প্রথম চলচ্চিত্র ‘কমন জেন্ডার’ এ সিন্ডি রলিং নামের এক প্রবাসী মেয়ে আলোচনায়। এরপর অনন্ত’র খোঁজ দ্যা স্যার্চসহ বেশ কটি ছবিতে আইটেম গার্ল কাম মূল নায়িকা হিসেবে দেখা যায় চিত্রনায়িকা ববিকে। ববি তার সর্বশেষ রিলিজকৃত চলচ্চিত্র ‘দেহরক্ষী’তেও আইটেম গার্ল হিসেবে কাজ করছেন। টিভি মডেল অভিনেত্রী আলিশাও আইটেম গার্ল হিসেবে চলচ্চিত্রে অনেকেরই নজর কেড়েছেন।