বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় গতকাল রবিবার চারটি ব্যাংকের চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- ব্র্যাক ব্যাংকের এমডি ও প্রাইম ব্যাংকের সাবেক ডিএমডি সৈয়দ মাহবুবুর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের এমডি ও প্রাইম ব্যাংকের সাবেক ডিএমডি এহসানুল হক এবং ব্যাংক এশিয়ার এমডি ও প্রাইম ব্যাংকের সাবেক এসইভিপি মো. মেহমুদ হোসেন ও প্রাইম ব্যাংকের সাবেক ডিএমডি নাসির উদ্দিন আহমেদ। দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।
দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল জানান, ঋণ জালিয়াতির ঘটনায় গতকাল রবিবার সাতজনকে তলব করা হয়েছিল। এরমধ্যে গতকাল চারজন হাজির হন। এ চারজনকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, বিসমিল্লাহ গ্রুপের এক হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় মোট ছয়টি ব্যাংক জড়িত রয়েছে। ব্যাংকগুলো হচ্ছে- শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক ও জনতা ব্যাংক। ইতোমধ্যেই দুদকের অনুসন্ধান টিম ব্যাংকগুলোর নথি পর্যালোচনা করে প্রায় অর্ধশতাধিক ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে এ অনুসন্ধান টিমের অন্য সদস্যরা হলেন- সহকারী উপ-পরিচালক তৌফিকুল ইসলাম, গুলশান আনোয়ার প্রধান, উপ-সহকারী পরিচালক সরদার মঞ্জুর আহমেদ ও উপ-সহকারী পরিচালক মো. আল আমিন।
