আজ ৪ রমজান। রমজান মাস সিয়ামের মাস। সিয়াম পালনের মাধ্যমে অতি সহজে তাকওয়ার প্রশিক্ষণ লাভ করা যায়। কুরআন মজীদে ইরশাদ হয়েছে: ওহে তোমরা যারা ইমান এনেছো! তোমাদের প্রতি সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান দেওয়া হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের প্রতি যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। (সূরা বাকারা: আয়াত ১৮৩)। রমজান মাসব্যাপী সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালনের মাধ্যমে সায়িম মননে যে আত্মসংযম ও আত্মশুদ্ধির আলো বিচ্ছুরিত হয়, তা থেকে তাকওয়ার সুরম্য সড়কে পরিচালিত করে, আর তাকওয়া বিশ্বাসকে সুদৃঢ় বুনিয়াদ প্রদান করে। সিয়াম বিধান দিয়ে আল্লাহ জাল্লাহ শানহু যে লা আল্লাকুম তাত্তাকুন বলেছেন তাতেই সিয়ামের লক্ষ্য প্রস্ফুটিত হয়ে উঠেছে। এই তাত্তাকুন শব্দের অর্থ পর্যালোচনা করলে দেখা যায় ইত্তিকা শব্দ থেকে উত্সারিত হয়েছে। এই ইত্তিকা শব্দের অর্থ এমন সব জিনিস থেকে সতর্কতা অবলম্বন করা যা ক্ষতিকর ও অন্যায়। এর বিস্তারিত অর্থ হচ্ছে আশঙ্কাযুক্ত বা ভীতিপ্রদ ও ক্ষতিদায়ক জিনিস থেকে আত্মরক্ষা করা।
