১৬ উপজেলায় ভোট ১৮ জুন

আপডেট : ০৯ মে ২০১৯, ২২:৪৭

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চমধাপের ১৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। আগামী ২১ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এই ধাপে। বৃহস্পতিবার এসব উপজেলায় ভোটের তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও ঘোষিত পঞ্চম ধাপটির মাধ্যমে উপজেলা পরিষদের নির্বাচন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত বুধবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ইত্তেফাককে বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে আরো একটি ধাপ বাড়ানো হয়েছে। আগস্টের পর ষষ্ঠ ধাপের ভোট অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ উপজেলায় ভোট হবে সেগুলো হচ্ছে— শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

ইসির উপসচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২১ মে। মনোনয়নপত্র বাছাই ২৩ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ মে ও ভোট ১৮ জুন। এ নির্বাচনে ৬টি উপজেলায় ইভিএমে ভোট হবে ইসি জানিয়েছে। এ ইভিএম কেন্দ্রগুলো হচ্ছে গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।