ঢাকার ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালের পাশে পুরোনো ধাঁচের এক বাড়ি। লম্বা লন পেরোনোর সময় বারবার চোখ আটকে যাবে হরেক পদের লতাগুল্ম আর গাছগাছালিতে। তিন কোনা বাঁশের খাঁচায় মোড়া কাঁঠালগাছের কোল ঘেঁষে ছোট্ট একটা সিঁড়ি। আড্ডা আর খাওয়ার জন্য শহরবাসীর কাছে ক্যাফে ম্যাঙ্গোর তৈরি হয়েছে আলাদা একটা পরিচিতি। ক্যাফে ম্যাঙ্গোর প্রতিটি কোনায় রয়েছে স্থপতি সালাউদ্দিন আহমেদের আন্তরিকতার ছোঁয়া। কীভাবে বসে আড্ডা দিতে আরাম পান আপনি? চেয়ারে, সোফায়, টুলে, নাকি মাটিতে? এর সব ব্যবস্থাই করা আছে ক্যাফে ম্যাঙ্গোতে। সঙ্গে নরম আলো আর গরম খাবার। কানে ভেসে আসবে প্রিয় সব গান। বাংলা থেকে ইংরেজি কোনো ব্যাপার নয়, ভালো গানই সেখানে আসল কথা। সব মিলিয়ে মায়াময় এক পরিবেশ। আপনি অর্ডার দিলে খাবার তৈরি হবে। এই সময়টা পড়ার জন্য আছে দেশি-বিদেশি একগাদা ম্যাগাজিন। আছে আলোকচিত্রভরা বই। ম্যাগাজিনে মনোযোগ দিতে না চাইলে কেবল স্থাপত্যশৈলী দেখেই কাটিয়ে দিতে পারবেন অনেকটা সময়।
ক্যাফে ম্যাংগোর অন্দরসাজের দিকে তাকিয়ে থাকতে হয় বেশ খানিকক্ষণ। কোথাও খোপ খোপ করে বাড়তি আলোর ব্যবস্থা করা হয়েছে। কোথাও মাথার ওপর তৈরি করা হয়েছে একটু বাড়তি জায়গা। পুরো ক্যাফেজুড়েই এই জায়গা আর রং নিয়ে খেলেছেন তিনি। চাইলে খোলা হাওয়ায় বসেও আড্ডা দিতে পারেন। বাঁশ দিয়ে মুড়ে চমত্কার এক পরিবেশ তৈরি করে রাখা হয়েছে সেখানটায়। আড্ডা দিন আর যা-ই করুন, খাবারটা কেমন জানতে হবে তো। খাবারের মেন্যুতে শুধু কফি পাওয়া যায় আট পদের। আর চায়ের পদ নয়টি। এ ছাড়া আছে স্যুপ, বিভিন্ন ধরনের পাওয়ার মিল, ব্রেকফাস্ট, কুকিজ, ডেজার্ট প্রভৃতি। সম্প্রতি এর সঙ্গে আরও যুক্ত হয়েছে চিকেনের কন্টিনেন্টাল খাবার, বিফ স্টেক, সি ফুড, রাইস মিলিয়ে আরও নতুন গোটা ত্রিশেক পদ। আপনি অর্ডার দিলে তবেই খাবার রান্না করা হবে। রান্না থেকে শুরু করে পরিবেশনের প্রতিটি ধাপ স্বাস্থ্যসম্মত রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। খাবার সরবরাহ করতে আসা মানুষগুলোর ব্যবহারেও পাবেন বাড়তি আন্তরিকতা।
ক্যাফে ম্যাংগোতে একসঙ্গে খেতে বসতে পারে প্রায় ৫০ জন। কর্তৃপক্ষ ২৫-৩০ জনের পার্টির আয়োজন করতে পারে। অবাধ আড্ডার পরিবেশ দেখে কেউ যাতে আবার আদবকায়দা ভুলে না যায়, তা সবিনয়ে নিবেদন করা হয়েছে মেন্যুতেই! নিরিবিলি খাওয়ার সঙ্গে আড্ডার সুযোগ এখানে মিলবে সকাল ১০টা থেকে রাত ১০টা অবধি।
এ ক ন জ রে
কোথায় :ধানমন্ডি রোড ৫, বাসা ৬ এর পেছনের দিকটায়
কীভাবে যাবেন :মিরপুর রোড ধরে এলে ল্যাবএইডের পাশ দিয়ে অথবা গ্রিনরোড দিয়ে এলে সেন্টার হাসপাতালের কাছেই।
কী খাবেন :নানা ধরনের স্যুপ আর ‘অ্যাপেটাইজার’ থেকে শুরু করে জাপানি তেরিইয়াকি বিফসহ নানা পদের ‘স্টেক’ আছে মেন্যুতে।
কখন যাবেন :যেকোনো দিন সকাল ১০টা থেকে রাত ১০টা
ব্যবস্থাপক বলেন :ক্যাফে ম্যাঙ্গোর প্রতিটি খাবারের মানে কখনই আপস করা হয় না, সেই সাথে নিশ্চিত করা হয় সর্বোচ্চ সেবাও।
