অন্যরকম অন্যমেলা

আপডেট : ২৭ মে ২০১৩, ১৯:৫২
অন্যমেলা, দেশজ পোশাক আর কারুশিল্পে এক অনন্য নির্ভরতার প্রতীক। তাদের পোশাকে খুঁজে পাওয়া যায় দেশীয় আবহ, ঐতিহ্যের দ্যুতি। বহুবর্ণের উদ্ভাসে ‘অন্যমেলা’ পরিণত হয়েছে প্রাণোচ্ছল আর উত্সবপ্রিয় বাঙালির নিজেকে রাঙিয়ে তোলার নিমিত্তে এক অনিবার্য গন্তব্যে। ‘বাংলার রূপ বাঙালির মেলা’ এই স্লোগান ধারণ করে যাত্রা শুরুর পর খুব দ্রুতই এই বুটিক হাউসটি ফ্যাশন ও ঐতিহ্য সচেতন মানুষের মন জয় করে নিয়েছে। ক্রমেই ‘অন্যমেলা’র পোশাকের প্রতি ঝুঁকছেন ক্রেতারা; বাড়ছে তাদের চাহিদা। ক্রমবর্ধমান এই চাহিদার দরুণ অন্যমেলারও সম্প্রসারণ ঘটছে। পোশাক নিয়ে নিয়ত নিরীক্ষায় সমৃদ্ধ হচ্ছে এ ফ্যাশন হাউসটি। বসুন্ধরা সিটির লেভেল ফোরের এই শোরুমে আরও রয়েছে বেবি কর্নার ও বুক কর্নার। বেবি কর্নারে আছে শিশু-কিশোরদের বর্ণিল সব পোশাক। আর বুক কর্নারে আছে সদ্যপ্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বই। এ ছাড়া আছে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত নানা বই। দেখলেই যেন নতুন বই হাতে নিতে মন চায়। অন্যমেলার বসুন্ধরা সিটি শাখার ব্যবস্থাপক দেলওয়ার হোসেন জানান, নিজস্ব ডিজাইনের সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়া, শর্ট পাঞ্জাবি, লং পাঞ্জাবি, শেরওয়ানি কাট পাঞ্জাবি এবং শার্টের বৈচিত্র্যময় কালেকশন এখন অন্যমেলায়। ঘুরে ঘুরে দেখা গেল পোশাক তৈরির ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে মসলিন, এন্ডি, সুতি, ইয়ানডাই এন্ডি, এন্ডি সিল্ক, জয় সিল্ক, বলাকা সিল্ক, বেক্সি ভয়েল, জর্জেট, নিব কটন ও খাদি কাপড়কে। নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে এসব কাপড় তৈরি হয়েছে অন্যমেলার নির্ধারিত রং ও ডিজাইনে। মেয়েদের সালোয়ার-কামিজের ক্ষেত্রে ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব। বেশির ভাগ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে কারচুপি ও মেশিন এমব্রয়ডারির কাজকে। এ ছাড়া লেইস ও পুঁতির কাজ করা হয়েছে। সালোয়ারেও আনা হয়েছে ডিজাইন ও কার্টি মেকিংয়ে নতুনত্ব। স্ক্রিন ও ব্লক প্রিন্টের সঙ্গে রয়েছে মেশিন এমব্রয়ডারি, হাতের কাজ ও সিকোয়েন্স। ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রে ভিন্ন ধরনের কিছু রঙের পাশাপাশি কাটিংয়ে আনা হয়েছে নতুনত্ব। গলার নানা ধরনের নতুন ডিজাইন এসেছে শর্ট এবং লং পাঞ্জাবির ক্ষেত্রে। কিছু পাঞ্জাবিতে লেসের সঙ্গে কাতানের পট্টি ব্যবহার করা হয়েছে। অন্যমেলার সব পোশাকই পাওয়া যাচ্ছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। আর চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত এখানে ছাড় চলছে, তাই ঘুরে আসতে পারেন আজই।