বেড়ানো

প্যাডেল স্টিমারে নদী ভ্রমণ

আপডেট : ২৭ মে ২০১৩, ১৯:৫২
নদী মার্তৃক বাংলার রূপ উপভোগ করতে চাইলে বর্ষায় প্যাডেল স্টিমারে চেপে বসতে পারেন। একসময় ঐতিহ্যবাহী এ বাহনগুলো ঢাকা থেকে খুলনার পথে চলাচল করত। কিন্তু রামপাল চ্যানেল নব্যতা হারানোর ফলে প্যাডেল স্টিমারের রুট সংকীর্ণ করা হয়েছে। এখন ঢাকা থেকে মোড়েলগঞ্জ পর্যন্ত চলাচল করছে প্যাডেল স্টিমারগুলো। মোড়েলগঞ্জের কাছেই বাগেরহাট। এ ভ্রমণে তাই বেড়িয়ে আসতে পারেন বাগেরহাট থেকেও। ঢাকার বুড়িগঙ্গা থেকে কত কত নদী পেরিয়ে এসব স্টিমার পৌঁছায় মোড়েলগঞ্জে। দু’চোখ ভরে দেখে নেওয়া যাবে বাংলার সৌন্দর্য। কোথাও জেলেদের মাছধরা, কোথাও আবার রঙিন পাল তুলে নৌকার সারি, কোথাও আবার নদীর দুপাশজুড়ে সবুজের গালিচা বিছানো বিস্তৃত ধানক্ষেত। কোথাও দেখা মিলবে নদীর বুকে সন্ধ্যা নামার মনকাড়া দৃশ্য। ঢাকা থেকে এখন খুলনার পথে চলে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) পরিচালিত জাহাজ মাসহুদ, অস্ট্রিচ, লেপচা, শেলা ও টার্ন। প্রায় শতবর্ষ ধরে জাহাজগুলো সেবা দিয়ে চলছে নিয়মিত। এগুলো বয়সে বেশ প্রবীণ, ব্রিটিশদের তৈরি। এককালে স্টিমারগুলো চলত কয়লার ইঞ্জিনে, এখন চলছে ডিজেলে। ঢাকা থেকে সন্ধ্যায় নোঙ্গর তুলে এ স্টিমার মধ্যরাতে ডাকাতিয়ার তীরে ব্যস্ত নৌ বন্দর চাঁদপুর ঘাট ছোঁয় সর্বপ্রথম। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনা, পদ্মা, আড়িয়ালখাঁর বুক চিরে এ স্টিমারের সকাল হয় কীর্তনখোলায়। আরেক ব্যস্ত নৌ বন্দর বরিশালে কিছুটা সময় থেমে আবার ভেঁপু বাজায় নলছিটির উদ্দেশ্যে। এর পরের স্টেশনটি সুগন্ধার তীরে দক্ষিণাঞ্চলের আরেক প্রাচীন বাণিজ্যকেন্দ্র ঝালকাঠী। ঝালকাঠীর পরেই গাবখান চ্যানেল। অনেকটা খালের মতো ছোট্ট এ চ্যানেলটি পার হতে ঘণ্টা দুয়েক সময় লাগে। এরপরে কাছাকাছি দূরত্বের দুটি স্টেশন কাউখালি ও পিরোজপুরের নৌ-বন্দর হুলারহাট। হুলারহাট ছেড়ে ঘণ্টাখানেক প্যাডেল মারার পরে স্টিমার এসে ঘাট ধরে চড়খালীতে। এরপরে অনেকটা সময় আর তেমন কোনো ঘাট নেই। সর্বশেষ মাছুয়া এবং মোড়েলগঞ্জ। দেশের বিভিন্ন নৌপথে এখন চলছে অনেক আধুনিক জলযান। কিন্তু এসবের মধ্যে এখনও ঠিক নিজের জায়গাটি ধরে রেখেছে সরকারি এ স্টিমারগুলো। যাত্রীসেবার মান, নিরাপত্তা সর্বোপরি একটা ঐহিত্যময় এ ব্যবস্থপনা ধরে রেখেছে বিআইডব্লিউটিসির এসব জলযান। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর কেবিন ছাড়াও তৃতীয় শ্রেণীর ডেক সার্ভিস আছে প্যাডেল স্টিমারে। তবে প্রথম শ্রেণীর কেবিনগুলো দোতলায়, সামনে বড় খোলা জায়গায় পুরোনো আদলে বসার আসন, ভেতরে পরিপাটি বিছানা, আছে তাপনিয়ন্ত্রণের ব্যবস্থাও। প্রতিটি কেবিনের সঙ্গেই আছে বারান্দা। আর বিশেষ পোশাকে সার্বক্ষণিক সেবাকর্মী পাওয়া যাবে দোরগোড়ায়। ঢাকা থেকে শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সন্ধ্যা ৬টায় ছেড়ে মাছুয়া কিংবা মোড়েলগঞ্জ পৌঁছায় পরদিন দুপুর নাগাদ। মোড়েলগঞ্জ নেমে সোজা চলে যেতে পারেন বাগেরহাটে। বাগেরহাটে বেড়াতে পারেন বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ, হযরত খানজাহান আলীর (র) কবর, খাঞ্জেলী দিঘি, নয় গম্বুজ মসজিদ, জিন্দাপীর মসজিদ, চামচিকা মসজিদ, সিংরা মসজিদ, বিবি বেগনী মসজিদ, রণবিজয়পুর মসজিদ, চুনাখোলা মসজিদসহ আরও অনেক কিছু। প্যাডেল স্টিমারে ভ্রমণ করতে চাইলে আগে থেকেই টিকেটের বন্দোবস্ত করতে হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য আগাম টিকেট মিলবে (ঢাকা ০২-৯৫৫৯৭৭৯, চাঁদপুর ০৮৪১-৩১৩৫, বরিশাল ০৪৩১-৫৬৪৩৬, খুলনা ০৪১-৭২৫৯৭৮) । বিভিন্ন গন্তব্যের ভাড়াও নির্ধারিত। বর্তমান ভাড়া হলো—ঢাকা থেকে চাঁদপুর প্রথম শ্রেণী ৪২০ টাকা, দ্বিতীয় শ্রেণী ২৪০ টাকা এবং তৃতীয় শ্রেণী ১০০ টাকা। ঢাকা-বরিশাল প্রথম শ্রেণী ১০৫০ টাকা, দ্বিতীয় শ্রেণী ৬৩০ টাকা এবং তৃতীয় শ্রেণী ১৭০ টাকা। ঢাকা-ঝালকাঠি প্রথম শ্রেণী ১২৫০ টাকা, দ্বিতীয় শ্রেণী ৭৬০ টাকা এবং তৃতীয় শ্রেণী ১৯০ টাকা। ঢাকা-হুলারহাট (পিরোজপুর) প্রথম শ্রেণী ১৪২০ টাকা, দ্বিতীয় শ্রেণী ৮৫৫ টাকা এবং তৃতীয় শ্রেণী ২৩০ টাকা। ঢাকা-মোড়েলগঞ্জ প্রথম শ্রেণী ১৭০০ টাকা, দ্বিতীয় শ্রেণী ১০৫০ টাকা এবং তৃতীয় শ্রেণী ২৮০ টাকা। ঢাকায় বাদামতলীতে স্টিমারঘাট। তৃতীয় শ্রেণীর টিকেট ছাড়াও আসন খালি থাকা সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর টিকেটও মিলে সদরঘাটের স্টিমার ছাড়ার স্থানে। বাগেরহাট শহরে থাকার জন্য সাধারণ মানের হোটেল হলো কেন্দ্রীয় বাস স্টেশন সংলগ্ন হোটেল আল আমিন (এসি দ্বৈত কক্ষ ১০০০-১৫০০ টাকা, নন এসি কক্ষ ২০০-৫০০ টাকা)। কর্মকার পট্টিতে হোটেল মোহনা (২০০-৫০০ টাকায় নন এসি কক্ষ)।