বিসিসি’র নতুন অডিটোরিয়ামে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট : ২৭ মে ২০১৩, ২০:০৪
সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন এক অডিটোরিয়াম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উক্ত অডিটোরিয়ামে ‘অপটিমাইজেশন অব দ্য ইউজ অফ কম্পিউটার অ্যান্ড রিসোর্সেস’ শীর্ষক দুই দিনের এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব এনআই খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানুষের প্রয়োজনে ও কল্যাণে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য সুলভে ও সহজে প্রযুক্তির পণ্য প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তির নতুন নতুন ব্যবহারে মানুষকে আগ্রহী করে তুলতে হবে। তথ্য ও প্রযুক্তির অবাধ ব্যবহারের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ ও দেশের অগ্রগতি নিশ্চিত করতে হবে।’ বিসিসি’র নির্বাহী পরিচালক এসএম আশফাক হুসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহছানুল জব্বার, বিসিসি’র পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. আমিন, পরিচালক (সিস্টেম) জাভেদ আলী সরকার প্রমুখ। সমাপনী দিনের প্রশিক্ষণে বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক বিসিসির বেসিক আইসিটি প্রোগ্রামের সহাকারী প্রোগ্রামার (এপি), বাংলা গভ.নেট প্রকল্পের সহকারী প্রোগ্রামার (এপি)সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।