মীর কাসেমের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৭ জুন

আপডেট : ২৭ মে ২০১৩, ২০:৫৯
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জুন দিন ধার্য করা হয়েছে। রবিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর আগে গত ১৬ মে মীর কাসেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এতে মীর কাসেমের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ আনা হয়েছে। আলীমের বিরুদ্ধে একজন নতুন সাক্ষী অন্তর্ভুক্তির আবেদন এদিকে বিএনপির সাবেক নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে আরো একজন নতুন সাক্ষী গ্রহণের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। কৌঁসুলি রানা দাসগুপ্ত রেজিস্ট্রারের কাছে এই আবেদন দাখিল করেন। আলীমের বিরুদ্ধে মামলার কার্যক্রম আগামী ৫ জুন পর্যন্ত মুলতবি করেছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। উল্লেখ্য, আলীমের বিরুদ্ধে এ পর্যন্ত ২১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।