অবৈধভাবে নদী দখলকারী ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা। সোমবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা। সভায় বালুমহালভুক্ত জায়গা ছাড়া অন্যত্র বালু পাওয়া গেলে সেগুলোকে ইজারার আওতায় আনার সিদ্ধান্ত হয়। এছাড়া বালু উত্তোলনের ফলে কোনো ব্রিজ বা কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে জেলা প্রশাসকদের সতর্কতা অবলম্বনের কথা বলা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) উপধারায় অবৈধভাবে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। মোবাইল কোর্ট আইনের তফসিলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় বলা হয়, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ সংক্রান্ত এ পর্যন্ত জেলা কমিটিতে ১ লাখ ২৪ হাজার মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ৫১২টি ও ট্রাইব্যুনালে ১ লাখ ৩৪ হাজার দায়েরকৃত মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ১০০টির। এ পর্যন্ত মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৫,৫১২টি।
উল্লেখ্য, সারাদেশে ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তির পরিমাণ ১ লাখ ৯২ হাজার ৬২৮ দশমিক ৭৪৬ একর এবং ‘খ’ তালিকাভুক্ত সম্পত্তির পরিমাণ ৬ লাখ ৭৪ হাজার ৭৯৮ দশমিক ৬০৮ একর। সভায় কৃষি খাসজমি বন্দোবস্ত, ভূমি উন্নয়ন কর আদায়, অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি ভূ-সম্পত্তি উদ্ধার, আন্তঃজেলা সীমানা বিরোধ, সরকারি জলমহাল ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় উত্থাপিত হয়। সভায় অন্যান্যের মধ্যে ভূমি সচিব মো. মোখলেছুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. নূরুল হক, অতিরিক্ত সচিব মো. মুয়াজ্জেম হোসেন, যুগ্ম-সচিব (প্রশাসন) মো. নাসির উদ্দিন আহমেদসহ বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন।
