নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ে আবদুল হাকিমের ‘বঙ্গবাণী’ ও আবু জাফর ওবায়দুল্লাহ’র ‘মাগো ওরা বলে’ কবিতা দুটি প্রতিস্থাপনের সুপারিশ করেছে শিক্ষামন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। গত রবিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির ৩৪তম বৈঠকে এ কবিতা দুটি প্রতিস্থাপনের সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন। ওই বৈঠকে সদস্য হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ মির্জা আজম, বীরেন শিকদার, মু: জিয়াউর রহমান এবং আলহাজ্ব মমতাজ বেগম অংশ নেন। বৈঠকে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ছিলেন অনুপস্থিত।
বৈঠকে উপস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, আমরা আলোচনা করেছি আবদুল হাকিমের ‘বঙ্গবাণী’ ও আবু জাফর ওবায়দুল্লাহ’র ‘মাগো ওরা বলে’ দুটি কবিতা নবম শ্রেণির বইয়ে থাকলে ভালো হয়। অপর এক সদস্য সাংবাদিকদের জানান, সংসদীয় কমিটির এ সুপারিশ গ্রহণ করলে নতুন সংযোজিত শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর ‘সাহসী জননী বাংলা’ কবিতাটি বাদ দিতে হবে। এর সঙ্গে অন্য একটি কবিতাও বাদ দেয়ার প্রয়োজন হবে।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে নবম শ্রেণির পাঠ্যবইয়ে শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের চৌধুরীর একটি কবিতা স্থান পেয়েছে। অন্যদিকে এই বই থেকে বাদ দেয়া হয়েছে আবদুল হাকিমের ‘বঙ্গবাণী’ ও আবু জাফর ওবায়দুল্লাহ’র ‘মাগো ওরা বলে’ কবিতা দুটি। আর এ নিয়ে বিতর্ক উঠেছে সব মহলে।
বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও প্রদানের সর্বশেষ অবস্থা, ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে সৃজনশীল পদ্ধতির অন্তর্ভুক্তি, প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের অগ্রগতি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া সরকারি অর্থের ব্যয় মনিটরিং আরো জোরদার করতে সুপারিশ করা হয়। বৈঠকে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ বিষয়ে আলোচনা হয়।
