র্যাপিড এ্যাকশ ব্যাটালিয়নকে (র্যাব) অপরাধ দমনের পাশাপাশি মানবাধিকার রক্ষা ও জনসেবা নিশ্চিতকল্পে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস (আইসিআরসি)। গতকাল র্যাব-১১ কার্যালয়ে এই মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আইসিআরসি’র হেড অব ডেলিগেশন মাইকেল ডাইনস, আইসিআরসি’র পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়কারী সুবিনয় দত্ত সেমিনারে মানবাধিকার বিষয়ে র্যাব-১১ সদস্যদের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণের বিষয় ছিল আন্তর্জাতিক পুলিশিং পদ্ধতিতে বল প্রয়োগ ও আগ্নেয়াস্ত্রের সুষ্ঠু ব্যবহার, গ্রেফতার ও আটকাবস্থার নিয়মাবলী এবং আইন-প্রয়োগকারী কর্মকর্তাদের আচরণ বিধিমালা। সেমিনারে র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার রাজধানীর টিকাটুলীতে র্যাব-৩ এর কার্যালয়ে আইসিআরসি র্যাব সদস্যদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দিবে।
