আসন্ন বাজেটের পূর্বে চাকরি জাতীয়করণসহ অন্যান্য দাবিতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সম্প্রতি জোটের জাতীয় নির্বাহী কমিটির এক সভায় এ দাবি জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে রাজধানীর এ কে স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, যুগ্ম-চেয়ারম্যান প্রিন্সিপাল রেজাউল করিম, মাওলানা মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, অধ্যক্ষ সামছুল হকসহ জেলা পর্যায়ের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
সভায় বলা হয়, ৩০ জুনের মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা না দেয়া হলে পহেলা জুলাই থেকে মাসব্যাপী বাংলাদেশ শিক্ষিত সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে জেলা পর্যায়ে সমাবেশ করা হবে। অন্যদিকে আগস্ট মাস জুড়ে একই ধরনের কর্মসূচি পালন করবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এছাড়া বিভাগীয় পর্যায়ে ৭ সেপ্টেম্বর বরিশাল, ১৪ সেপ্টেম্বর রাজশাহী, ১৫ সেপ্টেম্বর রংপুর, ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর খুলনা, ৩০ সেপ্টেম্বর সিলেট ও ৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
