প্রিমিয়ার লিগ নিয়ে চিন্তায় মুশফিক

আপডেট : ২৭ মে ২০১৩, ২১:২৬
স্পট ফিক্সিং নিয়ে এখন বাংলাদেশ-ভারত জুড়ে আলোড়ন। কিন্তু এই আলোড়নের মধ্যেও ‘কোড অব কন্ট্রাক্ট’-এর কারণেই ক্রিকেটাররা মুখ খুলতে চান না। মুখ খুলতে চাইলেন না অধিনায়ক মুশফিকুর রহিমও। তবে কাল শেরে বাংলা স্টেডিয়ামে তার কথায় অন্তত বোঝা গেল, ব্যাপারটি নিয়ে চিন্তিত মুশফিকরা। কিন্তু এই সময়ে মুশফিকুর রহিমের আসল দুশ্চিন্তা হল বিপিএলে নিজের পারিশ্রামিক এবং সময়মত প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো। বিপিএলের পাওনা এখনও বুঝে পাননি বলেই প্রিমিয়ার লিগ নিয়ে একটু বেশি চিন্তিত মুশফিকুর রহিম। তার প্রশ্ন পরিষ্কার, গ্রেডিং পদ্ধতি হলে পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে দায়ভার কে নেবে? তাই জিম্বাবুয়ে থেকে ফিরে সবাইকে নিয়ে আলোচনা করেছেন মুশফিক। কাল সেই আলোচনার বিষয় ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা যারা দেশে ছিলাম না তারাই বসেছিলাম। আমাদের পক্ষে তো দু’শ’ জনকে এক সাথে নিয়ে বসা সম্ভব নয়। এই পদ্ধতি ভালো হয় কিনা, কিংবা পেমেন্ট পাব কিনা; এসব বিষয়ে আলোচনা হয়েছে। যারা আগে ১৫ লাখ পেত এই পদ্ধতি হলে তারা পাঁচ লাখ পাবে। তারা ঠিকমত টাকা পাবে কিনা।’ মুশফিকদের সেই বৈঠকের পর প্রশ্ন উঠেছিল, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এবং অন্য খেলোয়াড়দের সাথে জাতীয় দলের দূরত্ব বাড়ছে। এসব ধারণাকে ভুল বলেই দাবি করলেন মুশফিক, ‘কোয়াবের সাথে আমাদের কথা হয়েছে; এখনো কথা হচ্ছে। অনেকে ভেবেছেন, আমরা ২০ জন ক্রিকেটার বুঝি আলাদা। আসলে তা নয়, আমরা এক সাথে কথা বলার আগে কোয়াবের সাথেও কথা বলেছি।’ কাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মুশফিকের এই কথার সঙ্গে সুর মিলিয়েছে কোয়াবও। বোঝা যাচ্ছে ক্রিকেটারদের মধ্যে অন্তত আপাতত কোনো দূরত্ব নেই; সংশয়ও নেই। তবে এখনও সংশয়, প্রশ্ন আছে মুশফিকের অধিনায়কত্ব নিয়ে। জিম্বাবুয়ে সফর চলাকালীন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন মুশফিক। দেশে ফিরে এটাকে ভুল হিসেবে অ্যাখ্যায়িত করেছেন তিনি। বোর্ডের সাথে কথা বলবেন বলেও জানিয়েছিলেন। তবে এখনো বোর্ডের সাথে এ ব্যাপারে বিস্তারিত কোন কথা হয়নি বলেই জানালেন মুশফিক, ‘বোর্ডের সাথে কথা হয়নি অধিনায়ক নিয়ে।’ এইসব কথার প্রসঙ্গেই এলো বিপিএলের স্পট ফিক্সিং প্রসঙ্গ। সে প্রসঙ্গে নিজের আদর্শ ব্যাখ্যা করে মুশফিক বললেন, খেলোয়াড়দের সচেতনতা বাড়ানোর বিকল্প নেই, ‘অবশ্যই খেলোয়াড়দের সচেতনতা বাড়াতে হবে। এরকম ভদ্রলোকের খেলায় এ ধরনের অসচেতন কাজ হওয়া উচিত নয়। আপনারা জানেন, আগে অনেকে এ ধরনের প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিয়েছে। এটা আসলে খেলোয়াড়দের ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। খেলোয়াড়রা যদি সচেতন থেকে দেশের কথা চিন্তা করে, তাহলে এরকম কাজ করবে না। যখন দেখি এই খেলায় দুর্নীতি ঢুকে গেছে, তখন খুবই খারাপ লাগে। ’ মুশফিকের আরও কিছু খারাপ লাগার ব্যাপারও জানা গেল গতকাল। বিপিএলে নিজের পাওনাটা যে বুঝে পাননি সেটাও কাল বলে দিলেন, ‘আমরা বিপিএলের টাকা পাব কিনা তা জানি না। আমি ব্যক্তিগতভাবে পঁচিশ ভাগ টাকা পেয়েছি, বাকি টাকা আদৌ পাব কিনা জানি না। গত বছর অনেকেই টাকা পায়নি। আমাদেরও তো পরিবার চালাতে হবে।’