ম্যাচশেষে অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড যেন পুরো আয়ারল্যান্ডের মনের কথাটাই বলে দিলেন, ‘পাকিস্তানের মতো দলকে এমন হাতের মুঠোয় পাওয়ার পরও সিরিজ জিততে না পারাটা দারুণ হতাশার। আমাদের হূদয় ভেঙে গেছে।’ হ্যাঁ আয়ারল্যান্ডের হূদয় ভেঙে দেয়ার মতোই কাজ করেছেন কামরান আকমল, ওয়াহাব রিয়াজ ও শোয়েব মালিক। এই দু’ জনের দূরন্ত লড়াইয়ে হারতে বসা ম্যাচে পাকিস্তান জিতেছে ২ উইকেটে। তার চেয়ে বড় কথা দুই ম্যাচেই শ্রেয়তর প্রতিপক্ষ হিসেবে খেলা আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল পাকিস্তান; প্রথম ম্যাচ টাই হয়েছিল। আইরিশদের ভাগ্যটাই খারাপ বলতে হবে। প্রথম ম্যাচে পাকিস্তানের চেয়ে বেশি রান করেও ডার্কওয়ার্থ লুইস পদ্ধতি টাই মেনে নিতে হয়েছে হয়েছে। আর রবিবার ডাবলিনের দ্বিতীয় ম্যাচে দেখতে পাওয়া জয় গেছে হাতছাড়া হয়ে। এড জয়েসের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করতে নেমে ২২৯ রান তুলেছিল আয়ারল্যান্ড। জবাবে মহাবিপর্যয়ে পড়া পাকিস্তানকে টেনে তুলে ২ উইকেটের জয় এনে দিলেন কামরান আকমল।
দুই ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছিল আইরিশরা। এরপরই এড জয়েসের বীরত্ব শুরু। অন্য প্রান্তে নীল ও’ব্রায়েন (২৯) এবং কেভিন ও’ব্রায়েন (৩৮) ছাড়া কেউই জয়েসকে সঙ্গ দিতে পারেননি। তারপরও ১৩২ বলে ১২টি চার ও একটি ছক্কায় সাজানো ১১৬ রানে অপরাজিত থাকেন জয়েস। আর তার ওপর ভর করেই ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান তোলে আয়ারল্যান্ড। আব্দুর রহমান ৪৮ রানে ৪ উইকেট নিয়ে লাগাম দিয়ে রাখেন আইরিশদের ব্যাটিংয়ে। ২২৯ রান আজকের দিনের ওয়ানডের জন্য সামান্য রানই বটে। কিন্তু ‘সামান্য’ এই রান তাড়া করতে গিয়েই ঘোরতম বিপাকে পড়ে পাকিস্তান। টিম মুরতাগ ও ট্রেন্ট জনস্টনের দ্বিমুখী আক্রমণে ২০ ওভারে ৬০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে মিসবাহ উল হকের দল। আর এখান থেকেই শোয়েব মালিককে নিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন মিসবাহ উল হক। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৪৩ রান। এরপর ষষ্ঠ উইকেটে কামরান আকমলকে নিয়ে মালিক যোগ করেন ৫২ রান। তবে ৪৩ রান করে মালিক আউট হয়ে যাওয়ায় আবারও বিপাকে পড়ে পাকিস্তান। এক পর্যায়ে ১৩৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। তখনও জয় অনেক দূরের ব্যাপার। কামরান এখান থেকে নবম ব্যাটসম্যান ওয়াহাব রিয়াজকে সঙ্গে নিয়ে জয়ের কাছে পৌঁছে যান। নবম উইকেটে ওয়াহাব ও কামরান ৯৩ রান যোগ করেন। জয় থেকে ৪ রান দূরে থাকতে ৮১ রান করা কামরান আউট হয়ে গেলেও ওয়াহাব শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত থাকেন।
