ইডেন গার্ডেনের দর্শকদের দুয়ো ধ্বনি শোনার অভিজ্ঞতা অনেকেরই আছে। এবার সেই অভিজ্ঞতাটা হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসনেরও। শুধু দুয়ো ধ্বনি শোনাতেই শেষ হচ্ছে না শ্রীনিবাসনের তিক্ত অভিজ্ঞতা। কলকাতায় সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমকে আক্রমণ করে কার্যত যেন যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন তিনি। ফলে গতকাল ভারতের অধিকাংশ পত্র-পত্রিকায় যতো ভাবে সম্ভব শ্রীনিবাসনের কথা মিথ্যা প্রমাণের জন্য দলিলপত্র ছাপা হয়েছে!
স্পট ফিক্সিং কাণ্ডে জামাতা গুরুনাথ মেইয়াপ্পানের সূত্র ধরে শ্রীনিবাসনের এমন সংকটময় মুহূর্তে কাজ শুরু করতে হবে তার ঘোষিত তদন্ত কমিশনকে; যে কমিশন চেন্নাই সুপার কিংয়ের সঙ্গে গুরুনাথের সম্পর্ক খুঁজে বের করবে। গতকাল জানা গেল, সেই কমিশনে বিসিসিআইয়ের প্রতিনিধি থাকবেন সাবেক অধিনায়ক ও আইপিএল কমিটির সদস্য রবি শাস্ত্রী এবং বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অজয় সিকরে। বাকি সদস্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন বলেই জানা গেছে।
এদিকে ১৬ মে খেলোয়াড়দের গ্রেপ্তারের ভেতর দিয়ে শুরু হওয়া এই পুলিশী অভিযানে গতকালও ভারত জুড়ে গ্রেপ্তার হয়েছেন অন্তত ১৫ জন বাজিকর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রেডিসন গ্রুপের প্রধান বিক্রমন আগারওয়াল গ্রেপ্তার হয়েছেন বলে শোনা গেছে।
