সড়কে মৃত্যুর মিছিল চলছেই। নরসিংদীতে তিতাস গ্যাস ফিল্ড কর্মকর্তাসহ গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছে। এর মধ্যে নরসিংদীর শিবপুরে তিতাস গ্যাস কর্মকর্তাসহ তিনজন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একজন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক উল্টে চালক ও চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নরসিংদী: পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক (প্রশাসন) রাসেল আল মাহমুদ ও তার সহকর্মী খোরশেদ আলম মরজাল বাজার থেকে বাসায় ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেক ও সোনাইমুড়ি পার্ক এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস তাদের বহনকারী রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রিকশাচালক শাহ আলম ও রাসেল আল মাহমুদকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ডের অদূরে সোনাইমুড়ি পার্ক এলাকায় ঢাকাগামী এনা পরিবহনের বাসের ধাক্কায় আরিফুর রহমান সুমন নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। নিহত সুমনের বাড়ি ভোলার তজুমুদ্দিন উপজেলার পশ্চিম চাচড়া এলাকায়।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রহমতগঞ্জে ঈশ্বরগঞ্জগামী সিএনজি অটোর সঙ্গে ময়মনসিংহগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে সিএনজি আরোহী জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান, মতি মিয়া, ইজমা, সানজিদা ও শওকত আলী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মতি মিয়াকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): উপজেলার ওলিপুরে গতকাল একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে চালক মোশাররফ হোসেন (৪০) নিহত হয়। নিহত মোশাররফ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের আমির হোসেনের ছেলে।
বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালী উপজেলার নাপোড়ায় পিকআপের ধাক্কায় বুধবার এক ভ্যানচালকের মৃত্যু হয়। নিহত ভ্যানচালক শাহাদাত হোসেন আবুল খায়ের টোবাকো কোম্পানির নাপোড়া শাখায় মেসার্স সুমি স্টোরের মালামাল পরিবহনের কাজ করতো বলে জানা যায়।
