কুমিল্লার আদালতে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৯ মে ২০১৯, ২৩:০০

সিম জালিয়াতির অভিযোগে গ্রামীণফোনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন নগরীর রেইসকোর্স এলাকার আব্দুর রশিদের ছেলে মো. মহিউদ্দিন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সোহেল রানা বাদীর অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বাদী মো. মহিউদ্দিন অভিযোগ করেন, তার ক্রয় করা দুটি সিম গ্রামীণফোন অন্যায়ভাবে ভিন্নজনের নামে বায়োমেট্রিক সিম নিবন্ধন করে দিয়েছে। মামলায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা, কুমিল্লা কাস্টমার কেয়ার সেন্টারের ম্যানেজার, অজ্ঞাত আরও ২ জনকে আসামি করা হয়েছে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান।