শরীরের বিভিন্ন সিস্টেম যেমন- চর্ম এমএসকে সিস্টেম, স্নায়ুতন্ত্র, রক্ত সঞ্চালন তন্ত্র, কিডনি ইত্যাদিকে আক্রমণ করা লুপাস রোগে আক্রান্ত রোগীদের শতকরা ৯০ ভাগই কমবয়সী নারী। কিন্তু আজ পর্যন্ত এই রোগের সঠিক কোনো কারণ সম্পূর্ণভাবে জানা যায়নি। এই রোগ প্রতি এক লাখ মানুষের মধ্যে ২০ থেকে ১৫০ জনের হতে পারে। অন্যদিকে ছেলেদের চেয়ে মেয়েদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
বিশ্ব লুপাস দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান বক্তারা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগ ও বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম লুপাস রোগের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এই রোগের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি লুপাস নিয়ে বৈজ্ঞানিক গবেষণা এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট চিকিত্সকদের প্রতি আহ্বান জানান। সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবদুর রহিম, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম প্রমুখ।
