ডিজিটাল এই যুগে ছবি তোলার পর প্রিন্ট করা অনেকেরই হয়ে ওঠে না। ছবি বাছাই করে সেগুলোকে নিয়ে ফটো ল্যাবে যাওয়া অনেকের কাছেই ঝামেলার মনে হয়। সেক্ষেত্রে ঘরেই একটি প্রিন্টার থাকলে ছবিগুলো প্রিন্ট করা হয়ে যেতে পারে নিমেষেই। তবে সেখানেও রয়েছে ঝামেলা। ভালো মানের ছবি প্রিন্ট করতে গেলে যে ধরনের প্রিন্টার প্রয়োজন হয়, তা কেনা এবং ব্যবহার করা সবার পক্ষে সম্ভব নয়। তাই মন চাইলেই যাতে কিছু ছবি সহজে প্রিন্ট করে নেওয়া যায় তার জন্য এলজি নিয়ে এসেছে পকেট ফটো নামের বহনযোগ্য ফটো প্রিন্টার। নামে প্রিন্টার হলেও দেখতে এটি একটি পোর্টেবল হার্ডডিস্কের মতই। এর সীমাবদ্ধতা একটাই, এটি সর্বোচ্চ ৩ ইঞ্চি বাই ২ ইঞ্চি আকৃতির ছবি প্রিন্ট করতে সক্ষম। তবে প্রিন্ট কোয়ালিটির দিক থেকে এটি এইচডি মানের ছবি প্রিন্ট করতে পারে। ইউএসবি কেবলের পাশাপাশি এটি আবার ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এনএফসি সমর্থন করে। ফলে যেকোনো ডিভাইসে ছবি তুলে সরাসরি এতে পাঠিয়ে প্রিন্ট নেওয়া যায়। ছবি প্রিন্ট নেওয়ার জন্য কাগজও সরবরাহ করছে এলজি। এখনও পর্যন্ত এর দাম সম্পর্কে কিছু জানায়নি তারা।
