ইউনিক্স অপারেটিং সিস্টেমের স্ট্যান্ডার্ড কমান্ড লাইন ইন্টারফেসের একটি গুরুত্বপূর্ণ শেল বা কমান্ড লাইন ইন্টারপ্রেটারের নাম বর্ন শেল। এই বর্ন শেলের উদ্ভাবক হিসেবেই বিখ্যাত হয়ে রয়েছেন স্টিফেন রিচার্ড বর্ন। ১৯৪৪ সালের ৭ জানুয়ারি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা এই কম্পিউটার বিজ্ঞানী স্নাতক ডিগ্রি লাভ করেন কিংস কলেজ, লন্ডন থেকে গণিতে। পরে তিনি ট্রিনিটি কলেজ, ক্যামব্রিজ থেকে কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমা এবং গণিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবরেটরিতে অ্যালগল ৬৮ (ALGOL 68) কম্পাইলার নিয়ে কাজ করেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কাজ শেষে তিনি যোগ দেন বেল ল্যাবরেটরিতে এবং সেখানে ৯ বছর ধরে কাজ করেন ইউনিক্সের সপ্তম সংস্করণ নিয়ে। এই সময়েই তিনি বর্ন শেল উদ্ভাবন করেন। একই সময়ে তিনি ইউনিক্সের উপর ‘দ্য ইউনিক্স সিস্টেম’ নামে সাধারণ পাঠকদের জন্য একটি বইও লিখেন। বেল ল্যাবের পর তিনি সিসকো, সান মাইক্রোসিস্টেমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। বর্তমানে তিনি আইকন ভেঞ্চার নামক একটি প্রতিষ্ঠানে চিফ টেকনোলজি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
