২০১৩-২০১৪ অর্থ বছরে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এবার প্রথমবারের মতো স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিজস্ব উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট এডিপির মধ্যে ৪১ হাজার ৩০৭ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে, ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা প্রকল্প সাহায্য এবং আট হাজার ১১৪ কোটি টাকা স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে যোগান দেয়া হবে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় ২০১৩-২০১৪ অর্থ বছরের এডিপি অনুমোদন করা হয়। সভায় প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপার্সন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম এডিপির বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পদ্মা সেতুর গুরুত্ব বিবেচনায় এডিপিতে পরিবহনখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দসহ পরিবহনখাতে মোট বরাদ্দের পরিমাণ ১৫ হাজার ৩৭৪ কোটি টাকা যা মোট এডিপির প্রায় ২৩ দশমিক ৩৪ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুত্খাতে। এর পরিমাণ ৯ হাজার ৫৩ কোটি টাকা যা মোট এডিপির প্রায় ১৩ দশমিক ৭৪ শতাংশ। এ সময় পরিকল্পনা সচিব ভুঁইয়া শফিকুল ইসলাম জানান, এডিপিতে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর উন্নয়ন প্রকল্প একসাথে দেখানো হলেও মূল এডিপির আকার ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা।
এডিপিতে তুলনামূলক অধিক বরাদ্দপ্রাপ্ত অন্যান্য খাত হলো—শিক্ষা ও ধর্মে আট হাজার ৭৬৬ কোটি টাকা (১৩.৩১%)। পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান ৬ হাজার ৬২২ কোটি টাকা (১০.০৫%)। ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়নখাতে ৫ হাজার ৪৫৪ কোটি টাকা (৮.২৮%)। স্বাস্থ্য, পুষ্টি জনসংখ্যা ও পরিবার কল্যাণখাতে ৪ হাজার ২৪০ কোটি টাকা (৬.৪৪%) এবং কৃষিখাতে ৩ হাজার ৭২১ কোটি টাকা (৫.৬৫%)। নতুন এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭৬টি। এর মধ্যে চলতি ২০১২-২০১৩ অর্থ বছরের সংশোধিত এডিপি হতে স্থানান্তরিত প্রকল্পের সংখ্যা ৯৯৬টি, বরাদ্দসহ নতুন প্রকল্প ৫০টি এবং স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নের প্রকল্প ১৩০টি। এছাড়া এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের সংখ্যা ৬৬১টি, সম্ভাব্য সমাপ্য প্রকল্পের সংখ্যা ৩০৫টি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) অধীনে প্রকল্পের সংখ্যা ৪৪টি। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ এনইসির অন্য সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
