আশুলিয়ায় পাওনা টাকার জন্য নারী ও শিশুকে হাতুড়িপেটা

আপডেট : ১০ মে ২০১৯, ০০:৩৩

সাভার উপজেলার আশুলিয়ায় ধারের টাকা পরিশোধ না করায় ভাড়াটিয়া এক নারী ও তার শিশুকন্যাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। আহত ওই নারী পোশাক শ্রমিক খোরশেদা ও তার ১০ বছরের মেয়েকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় গফুর মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

খোরশেদার স্বামী শফিকুল বলেন, তিনি গফুর মন্ডলের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। স্ত্রীর চিকিত্সার জন্য খামারে কাজ করে পরিশোধ করার শর্তে গফুর মন্ডলের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। কিন্তু গতকাল রাতে হঠাত্ বাড়ির মালিক পাওনা টাকার জন্য তাগাদা দিলে স্ত্রী খোরশেদার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় বাড়ির মালিক গফুর তার স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এ সময় তার ১০ বছরের শিশু সবিতাও হাতুড়ির আঘাতে আহত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে খোরশেদা ও হাতে ব্যথা পেয়ে তার মেয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। তবে এক থেকে দুইদিনের মধ্যে তারা বাড়ি ফিরে যেতে পারবেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গার্মেন্টসের অবৈধ গ্যাস

সংযোগ বিচ্ছিন্ন

সাভারে একটি তৈরি পোশাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত বিশ্বাস গার্মেন্টস লিমিটেডে এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে নেতৃত্ব দেন সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত্ সায়েম। ৪০ জন শ্রমিক এ কাজে অংশ নেয়।