দুদকের মামলা বাতিলে মাহমুদুর রহমানের আবেদন খারিজ

আপডেট : ২৮ মে ২০১৩, ২১:৫৩
সম্পদের হিসাব জমা না দেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিল চেয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের ডিভিশন বেঞ্চ সোমবার এ রায় দেন। হাইকোর্টের এ রায়ের পর এই সাবেক জ্বালানি উপদেষ্টার বিরুদ্ধে মামলা চলতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি এডভোকেট খুরশীদ আলম খান। ২০১০ সালের ১৯ এপ্রিল মাহমুদুর রহমানকে তার সম্পদের হিসাব চেয়ে দুদক নোটিস দেয়। সম্পদের হিসাব বিবরণী জমা না দেয়ায় দুদক তার বিরুদ্ধে মামলা করে। ওই মামলা বাতিল চেয়ে মাহমুদুর রহমান হাইকোর্টে আবেদন করেন। আদালত ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর মামলার কার্যক্রম স্থগিত এবং মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট তা খারিজ করে একইসঙ্গে মামলার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।