গার্মেন্টস কারখানায় একের পর এক অগ্নিকাণ্ড, ভবন ধসের মত দুর্ঘটনা ও শ্রমিকের প্রাণহানি, শ্রমিকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানে মালিকদের অনীহায় শ্রমিক অসন্তোষ বাড়ছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গার্মেন্টস খাত নিয়ে আলোচনা-সমালোচনা থেমে নেই। দেশের রপ্তানি আয়ের অন্যতম উত্স পোশাক শিল্প খাতে এর নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থার পরিবর্তনে শ্রমিক ও শিল্প বাঁচাতে কার্যকর ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত গোলটেবিল আলোচনায় এই অভিমত ব্যক্ত করেন বক্তারা। ‘গার্মেন্ট শ্রমিক হত্যাকাণ্ড, বর্তমান শিল্পের পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক এই গোলটেবিল আয়োজন করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ।
বক্তারা বলেন, আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১২৪ জন এবং সাভারের রানা প্লাজার ভবন ধসে ১১২৭ জন শ্রমিকের প্রাণহানি পোশাক খাতকে আরো নাজুক অবস্থায় নিয়ে গেছে। নির্বিচারে দরিদ্র শ্রমিকদের হত্যাকাণ্ডে দেশে এবং বিদেশে এই খাত নেতিবাচক ভাবমূর্তি এবং অন্যান্য ঝুঁকির সম্মুখীন হচ্ছে। বর্তমানে এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক জড়িত। তাদের নিরাপত্তা, জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করার এখনই উপযুক্ত সময়।
বক্তারা এ সময় চলতি বাজারের সাথে সংগতি রেখে আইএলও প্রস্তাবিত লিভিং-ওয়েজ বিবেচনায় পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ করতে দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের জন্য আবাসন সুবিধা, হাসপাতাল, যাতায়াতের জন্য বাস ও তাদের সন্তানদের জন্য স্কুল স্থাপন জরুরি। শ্রম আইন মেনে নিয়োগপত্র প্রদান ও মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে। শ্রমিকদের হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিসহ পাঁচ দফা দাবি সভায় উপস্থাপন করা হয়।
সভায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মনজুরুল আহসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, নারী নেত্রী খুশি কবীর, শ্রমিক নেতা আবুল হোসেন, গার্মেন্টস মালিক এবং তাজরীন অগ্নিকাণ্ড ও রানা প্লাজার ভবন ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
