আগে থেকেই গুজব ছিল, এই মৌসুম শেষেই অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন কলোম্বিয়ান ফরোয়ার্ড রাদামেল ফ্যালকাও। আর তার দিকে তাকিয়ে ছিল চেলসি, রিয়াল মাদ্রিদের মতো নামি-দামি সব ক্লাব। তবে সবাইকে অনেকটা অবাক করেই ফরাসি ক্লাব মোনাকোতে যাচ্ছেন এই ফরোয়ার্ড। আর গত সোমবার ক্লাবটিতে মেডিক্যাল টেস্ট দিলেন তিনি। শুধু ফ্যালকাওই নন, বার্সেলোনার গোলরক্ষক ভিক্টর ভালদেসের গন্তব্যও মোনাকোই।
আর মোনাকোতে রেকর্ড গড়েই যাচ্ছেন ফ্যালকাও। পাঁচ বছরের জন্য ফরাসি রেকর্ড ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আসছে মৌসুম থেকেই মোনাকোতে দেখা যাবে এই গোল মেশিনকে। এবারের মৌসুমে ২৭ বছর বয়সী ফালকাও ২৮টি গোল করেছেন। তার সুবাদেই মূলত অ্যাতলেটিকো এবারের স্প্যানিশ কাপের শিরোপা জিতেছে। ফ্যালকাও বলেন, ‘আমি গত দুই বছর অ্যাতলেটিকো মাদ্রিদ আমাকে যা দিয়েছে তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সত্যিই সময়টা আমার জন্য স্বপ্নের মতো ছিল। তাদের ঋণ আমি কখনোই ভুলবো না।’
এর আগে গত বছর তারা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। দুই বছর আগে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি পোর্তো থেকে অ্যাতলেটিকোতে যোগ দিয়েছিলেন। তার কল্যাণেই দুই বছর আগে পোর্তো ইউরোপা লিগে শিরোপা লাভ করে।
অন্যদিকে ৩১ বছর বয়সী ভালদেসের সাথে চলতি মৌসুমের শেষে বার্সেলোনার চুক্তি সমাপ্ত হচ্ছে। জানুয়ারি মাসেই তিনি কাতালান শিবির ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। বার্সার সাথে ভালদেসের সম্পর্ক দীর্ঘ ১০ বছরের। তার সময়ে বার্সেলোনা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ, ছয়বার স্প্যানিশ লা লিগা এবং দুইবার কিংস কাপের শিরোপা লাভ করে। এর আগে পর্তুগীজ মিডফিল্ডার মোটিনহো এবং কলোম্বিয়ান উইঙ্গার জেমস রড্রিগেজকে ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পোর্তো থেকে উড়িয়ে আনার পরে এবার প্রাক মৌসুমে ফ্যালকাও এবং ভালদেসের জন্য মোনাকো প্রায় ১০০ মিলিয়ন ইউরো ব্যয় করতে যাচ্ছে। এসবই ফ্রেঞ্চ লিগের ইতিহাসে মোনাকোকে সবচেয়ে ব্যয়বহুল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রুশ ধনকুবের দিমিত্রি রাইবোলোভলেভের অর্থায়নে পরিচালিত ফরাসি দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দল মোনাকো দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মৌসুমে সর্বোচ্চ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর তাই দলটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন সংশ্লি¬ষ্টরা।
