শিরোপাবিহীন একটি মৌসুম কাটানোর পর এমনিতেই স্বস্তিতে নেই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তার উপর এখন তাদের সামনে দলের মূল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে ধরে রাখার মিশন। আর এই মিশনে নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করবে জায়ান্ট ক্লাবটি। এমনটাই জানালেন দলের সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজ।
মৌসুমের শুরুতে ম্যাচ চলাকালে নিজেকে “অসুখী” দেখানোও বেশ আলোচিত হন রোনালদো। আর গুজব উঠে কোচ হোসে মরিনহোর সাথে পর্তুগীজ এই তারকাও ক্লাব ছাড়ছেন। আর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও তাকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এমন ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনও (পিএসজি) ২৮ বছর বয়সী এই তারকার পিছনে আছে। আর তাই দলবদলে রোনালদোর গুরুত্ব বুঝেই কিনা রোনালদোকে সর্বোচ্চ পারিশ্রমিক দেয়ার ঘোষণা দিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজ, ‘আমরা রোনালদোকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক দিবো। তাকে খুশি করার সর্বোচ্চ চেষ্টাই আমরা করবো। আমার মতে, রোনালদো বিশ্বের সেরা একজন খেলোয়াড়। তার উপর আমাদের দলের ভবিষ্যত্ নির্ভর করছে। ’
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে আসেন রোনালদো। আর স্পেনে এসেই রীতিমত গোল মেশিনে পরিণত হন “সি আর সেভেন”। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ১৩৫ ম্যাচে ১৪৬টি গোলই তার প্রমাণ। তাই রোনালদোর গুরুত্ব বুঝেই তাকে আকাশচুম্বি পারিশ্রমিক দেয়ার ঘোষণা দিলেন পেরেজ।
রোনালদোকে ধরে রাখার পাশাপাশি আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে মাদ্রিদ। আর সেটা হল নতুন কোচ নিয়োগ দেয়া। আর ক্লাব সভাপতিও একে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন, ‘আমরা এখন পর্যন্ত জানি না কে আমাদের দলে কোচ হয়ে আসছে। সামনের সপ্তাহে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। কোচ নিয়োগের লড়াইয়ে জিনেদিন জিদান আমাদের সামনে থেকে পথ দেখাবে।’
২০০৬ সালে খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পর রিয়ালের সাথেই আছেন জিদান। মূলত, দলে নতুন খেলোয়াড় নেয়া, কোচ নিয়োগ তার তত্ত্বাবধানেই হয়। জিদানের ব্যাপারে ফ্লোরেন্তিনা পেরেজ বলেন, ‘একজন মানুষ হিসেবে সে আমার খুব পছন্দের। একসময় হয়তো সেই ক্লাবটিকে কোচিং করাবে। এখন সে দলের হয়ে কোচ খুঁজবে।’
সব শেষে আবারও নিজেদের সেরা খেলা উপহার দেয়ার প্রত্যয় জানালেন পেরেজ, ‘আমরা আবার সেরা দল হিসেবে নিজেদের ফিরে পেতে চাই। আমরা শুধু স্পেনেই না বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই।’
