বৃষ্টির কারণে গতকাল মঙ্গলবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় দিনে বাধাগ্রস্ত হয়েছে প্রায় সবগুলো ম্যাচ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশ কয়েকটি খেলা কোর্টেই গড়াতে পারেনি। তবে বৃষ্টির উত্পাতের মধ্যেই জয় তুলে নিয়েছেন সামান্থা স্টোসার এবং গ্রিগর দিমিত্রভ।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পরে শুরু হয় সবগুলো ম্যাচ। তবে ম্যাচ শুরু হলেও কিছুক্ষণ বাদে বৃষ্টির বাধায় আবারো বন্ধ হয়ে যায় সেগুলো। তিনটি সেন্টার কোর্টের একটিতে স্বাগতিক দেশের মারিয়ন বারতোলি এবং ওলগা গোভোর্তসোভার ম্যাচটি শেষ হয়নি তিন ঘণ্টায়ও। বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা দর্শকরা আবারো দাবি তুলেছেন, সেন্টার কোর্টে অপসারণযোগ্য ছাদের ব্যবস্থা করার।
এদিকে অন্য ১৪টি কোর্টেও খেলা শুরু হয় অনেকটা দেরিতে। পুরুষ এককের এক নম্বর বাছাই নোভাক জোকোভিচ এবং মহিলা এককের তিন নম্বর বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কার ম্যাচ থাকলেও বৃষ্টির কারণে সেগুলো শুরু হতে পারেনি নির্ধারিত সময়ের অনেক পরেও।
এদিকে বৃষ্টির বাধাকে উপেক্ষা করে জয় তুলে নিয়েছেন স্টোসার। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন জাপানের বর্ষীয়ান খেলোয়াড় দাতে ক্রুম। দুই সেটের লড়াইয়ে এই এশিয়ান তারকাকে ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে সহজেই দ্বিতীয় রাউন্ডে পা রাখেন স্টোসার।
অন্যদিকে পুরুষ এককে দিমিত্রভের ম্যাচটিও বৃষ্টির বাধার মুখে পড়েছিল। তবে প্রথম সেটের পর দ্বিতীয় সেটে মাত্র একটি গেম খেলা হওয়ার পরেই ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন দিমিত্রভের প্রতিপক্ষ আলেজান্দ্রো ফেলা। ফলে ফরাসি তারকাটি জয় পান ৬-৪, ১-০ গেমে।
