রূপগঞ্জে সুমন মীর (৩৪) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তারাব পৌরসভার রূপসী মীরবাড়ী এলাকায় নানির বাড়ির নিজ ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন মীর মুরাপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। জন্মের পর থেকেই তিনি তার মায়ের সঙ্গে নানির বাড়িতে থাকতেন এবং বাড়ির পাশে একটি মুদির দোকান চালাতেন।
নিহত সুমনের মামা আকবর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সুমনকে দোকানে দেখতে না পেয়ে তিনি তার ঘরে যান এবং সুমনের ঝুলন্ত লাশ দেখতে পান। লাশের নিচে রক্তাক্ত লুঙ্গি ও একটি চিঠি পড়ে ছিল। দেয়ালে রক্তে দিয়ে লেখা ছিল সুমনের ছেলে, মেয়ে ও স্ত্রীর নাম। নিহত সুমনের পরিবারের দাবি পূর্বপরিকল্পিতভাবে সুমনকে হত্যা করে তার লাশ ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত সুমনের স্ত্রী সোনিয়া তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
