আগামী মাসের ২ তারিখ অনিকেত চাভানের বিয়ের কথা ছিল। সে বিয়ে আপাতত স্থগিতই করতে হচ্ছে। কারণ, গতকাল আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে দিয়েছেন। আপাতত তার জায়গা হয়েছে তিহার জেলে। একই জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে শ্রীশান্থকেও। তার জন্য আরও দুই দিনের রিমান্ডের আবেদন করেছিল দিল্লী পুলিশ। সে আবেদন গ্রহণ না করে এই টেস্ট পেসারকেও পাঠানো হয়েছে জেল হাজতে। তবে পুলিশের একটা ‘বিজয়’ হল, তাদের আবেদনে সাড়া দিয়ে অভিনেতা বিন্দু দারা সিংয়ের রিমান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে।
সেই ১৬ মে ঝড় তোলা আইপিএলে স্পট ফিক্সিং বিতর্কের প্রথম দফাতেই গ্রেফতার হয়েছিলেন শ্রীশান্ত, চাভান, চান্দিলারা। এরপর অনেক বাজিকরের সঙ্গে আরও গুরুত্বপূর্ণ গ্রেফতারের মধ্যে ছিলেন বিন্দু দারা সিং, চেন্নাই সুপার কিংয়ের ‘বিতর্কিত’ মালিক ও বিসিসিআই সভাপতির জামাতা গুরুনাথ মেইয়াপ্পান।
এসব গ্রেফতার কাণ্ডের মধ্যে বিতর্ক শুরু হয়েছে রেডিসন গ্রুপের প্রধান বিক্রম আগারওয়ালকে নিয়ে। পুলিশ তাকে গ্রেফতার করেনি বলে দাবি করছে। কিন্তু তার নিকটজনেরা বলছেন, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। পুলিশ এটুকু স্বীকার করছে যে, আগারওয়ালের বিরুদ্ধে শক্ত প্রমাণ আছে তাদের হাতে। আর আগারওয়াল গ্রেফতার হলে ভারতের আরও অনেক রথীমহারথী বিপদে পড়ে যেতে পারেন বলেই অনুমান সংবাদ মাধ্যমের।
এদিকে আইপিএলের প্রতিটি ম্যাচ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন বিসিসিআইয়েরই সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। তিনি মনে করছেন, বোর্ডের তদন্তের কোনোটাই আইপিএলের দুর্নীতির প্রকৃত চরিত্র তুলে ধরতে পারবে না। তাই তিনি বলেছেন, এই স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে এবারের আইপিএলের প্রতিটি ম্যাচের তদন্ত হওয়া উচিত। টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে রাষ্ট্রীয় কোনো সংস্থার সহায়তা নিয়ে এই তদন্ত করানোরও দাবি করেন মনোহর।
স্পট ফিক্সিংয়ের চলমান কেলেঙ্কারিতে আগেই গ্রেফতার হয়েছে বিসিসিআইয়ের সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মেইয়াপ্পান। মেইয়াপ্পান শ্রীনিবাসনেরই দল চেন্নাই সুপার কিংসের অন্যতম কর্মকর্তা হওয়াতে বিসিসিআই সভাপতির পদত্যাগের জন্য সব মহল থেকে চাপ তৈরি হয়েছে। শ্রীনিবাসনকে সরে যেতে বলেছেন শরদ পাওয়ার, আইএস বিন্দ্রার মতো সংগঠকরাও। শশাঙ্ক মনোহর পরিষ্কার সেটা না বললেও বর্তমান কমিটির ওপর ভরসা রাখছেন না, ‘বিসিসিআইয়ের এরকম পূর্ণাঙ্গ তদন্ত করার ক্ষমতা, স্বদিচ্ছা, লোকবল আছে বলে মনে হয় না। তাদের উচিত রাষ্ট্রীয় সহায়তা চেয়ে ৫৭টি ম্যাচের সবগুলো নিয়ে আলাদা করে তদন্ত করা’।
এর আগে বিসিসিআই নিজেদের উদ্যোগে আরও একটি তদন্ত কমিশনের ঘোষণা দিয়েছে, যারা স্পট ফিক্সিং কাণ্ডে চেন্নাই সুপার কিংয়ের সঙ্গে গুরুনাথের সম্পর্ক খুঁজে বের করবে। সোমবার জানা গেছে, সেই কমিশনে বিসিসিআইয়ের প্রতিনিধি থাকবেন সাবেক অধিনায়ক ও আইপিএল কমিটির সদস্য রবি শাস্ত্রী এবং বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অজয় সিকরে। বাকি সদস্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন বলেই জানা গেছে।
